ক্রিকেটাররা যে যেখানে ঈদ করছেন
আজ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। বিশেষ এই দিনে ঘরে ঘরে বইছে আনন্দের বন্যা। অন্য সবার মতো এ আনন্দে শরিক হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। এবার বেশিরভাগই ঈদ আনন্দ ভাগাভাগি করছেন ঢাকায়। এছাড়া যারা ঢাকার বাইরে গিয়েছেন তারা পরিস্থিতির কারণে আছেন বাড়তি সতর্ক।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঈদের খুশিতে পড়েছে ভাটা। তবুও ঈদ বলে কথা। খুশির দিনে চার দেয়ালের মাঝেই পরিবার নিয়েই আনন্দ ভাগাভাগি করে নেবেন ক্রিকেটাররা।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে হলেও ঢাকায় ঈদ পালন করবেন। মুশফিকুর রহিম বাবা-মার সঙ্গে ঈদ কাটাতে গিয়েছেন বগুড়ায়। মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন আছেন ময়মনসিংহে।
.png)
জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান কেউই অবশ্য পরিবারের সঙ্গে নেই। দুজনেরই ঠিকানা ঢাকার পাঁচ তারকা হোটেল। সেখানে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থেকে ঈদ উৎসব পালন করছেন তারা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ঢাকায় ঈদ কাটাবেন। এছাড়া মিথুন, ইমরুল, তাসকিন ও আফিফ আছেন ঢাকাতেই। অন্যদিকে ঢাকার বাইরে যাওয়ার ক্রিকেটারদের তালিকাটাও কম লম্বা নয়। রুবেল হোসেন, শরিফুল, মিরাজ, মাহেদী, মুমিনুল, তাইজুলরা এরই মধ্যে নিজ নিজ বাড়িতে পৌঁছে গেছেন।
ঈদের ছুটিতে ক্রিকেটারদের যথাসম্ভব সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবাইকে যতটা সম্ভব ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মূলত করোনার সংক্রমণ থেকে বাঁচতে বোর্ডের তরফ থেকে এ ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।
ঈদের সপ্তাহখানেক পর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে বাংলাদেশে আসছে শ্রীলংকা। ঈদের পরই ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। ২৩, ২৫ ও ২৮ মে দিবারাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।