আইপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত
কিছুদিন আগেই হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলাম। দল গুছিয়ে নিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এবার চূড়ান্ত হলো প্রতিযোগিতার দিনক্ষণও। আগামী ৯ এপ্রিল মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের জমজমাট এ টুর্নামেন্ট।
রোববার এক বিবৃতির মাধ্যমে আইপিএল শুরুর তারিখ জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৯ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর লড়াই দিয়ে শুরু হবে চতুর্দশ আইপিএল। ভেন্যু চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম। এবারের আসরের পর্দা নামবে ৩০ মে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে মেগা ফাইনাল।
করোনা ভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের সবশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার ভারতের মাটিতেই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ছয়টি ভেন্যু তে শিরোপার জন্য লড়াই করবে আটটি দল। ভেন্যুগুলো হচ্ছে কলকাতা, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ ও মুম্বাই।
লিগ পর্বে প্রতিটি দল চারটি করে ভেন্যুতে খেলবে। ৫৬টি লিগ ম্যাচের মাঝে চেন্নাই, মুম্বাই, কলকাতা ও ব্যাঙ্গালুরুতে ১০টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আহমেদাবাদ ও দিল্লিতে হবে আটটি করে ম্যাচ।
আইপিএল ইতিহাসে এবারই প্রথম কোনো দল হোম ভেন্যুতে খেলার সুযোগ পাচ্ছে না। প্রতিটি দলকে অন্য দলের নিরপেক্ষ মাঠে গিয়ে খেলতে হবে।