[ খেলা ]
‘আপনি আমার সবসময়ের অধিনায়ক’
ধোনির সঙ্গে কোহলি
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবসর গ্রহণের পর থেকেই চলছে তাকে অভিবাদন জানানোর পর্ব। সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই ধোনিকে তার বর্ণিল ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানিয়েছেন। বাদ যাননি ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও। এক ভিডিও বার্তায় ধোনিকে নিজের সবসময়ের অধিনায়ক হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা এক ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘জীবনে অনেক মুহূর্ত আসে, যা ভাষায় বোঝানো সম্ভব না। এটা সে রকমই একটা বিষয়। আপনি সবসময় বাসের শেষ আসনে বসতেন, খুব একটা কথা বলতেন না। কিন্তু আপনার উপস্থিতি, ব্যক্তিত্বই অনেক কিছু বলে দিত।’
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক আরো বলেন, ‘আমাদের মধ্যে যেমন বোঝাপড়া ছিল, তেমনই ছিল বন্ধুত্ব। আর সেটা হওয়ার কারণ আমরা একটা লক্ষ্য সামনে রেখেই খেলেছি যা হল দলের জয়।’
কোহলি যোগ করেন, ‘আমার জীবনের শুরুতে আপনার নেতৃত্বে খেলতে পারা একটা দারুণ অভিজ্ঞতা। আপনি আমার উপরে ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন যার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আগেও বলেছি, আবারো বলছি। আপনি আমার সবসময়ের অধিনায়ক।’
শনিবার সন্ধ্যায় ইন্সটাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেন ধোনি।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!