হাজার কোটি টাকার প্রকল্প, তবু ডুবছে ঢাকা
আষাঢ়ের শেষভাগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিনের ভারী বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই জমে আছে হাঁটু থেকে কোমরসমান পানি। ড্রেন উপচে রাস্তায় উঠে এসেছে কাদা, পলিথিন ও আবর্জনা। যানবাহন বিকল, ঘণ্টার পর ঘণ্টা যানজট আর চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। প্রশ্ন উঠেছে, গত এক দশকে জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পরও কেন সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে রাজধানী?
অনুসন্ধানে জানা গেছে, গত এক দশকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ড্রেনেজ উন্নয়ন, খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিভিন্ন খাল পুনরুদ্ধার, ড্রেনেজ নেটওয়ার্ক সম্প্রসারণ ও বক্স কালভার্ট সংস্কারে বরাদ্দ দিয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।
শুধু ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার বছরে দুই সিটি কর্পোরেশন ৩৩৪ দশমিক ১৯ কিলোমিটার ড্রেনেজ অবকাঠামো নির্মাণে ২৬২ কোটিরও বেশি টাকা ব্যয় করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শান্তিনগর এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রায় একশ কোটি টাকা এবং ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় প্রায় ২১ কোটি টাকা ব্যয় করেছে। এছাড়া কালুনগর, জিরানি, মান্দা ও শ্যামপুর খাল পুনরুদ্ধারে প্রায় ৯৮১ কোটি টাকার দীর্ঘমেয়াদি প্রকল্প প্রস্তাব করেছে। অন্যদিকে ঢাকা ওয়াসা খাল খননে ৬০৭ কোটি টাকা এবং গত দুই দশকে খাল, বক্স কালভার্ট ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ৩৪৫ কোটি টাকা ব্যয় করেছে।
জলাবদ্ধতার কারণ নিয়ে দুই সিটি কর্পোরেশন একে অপরকে দায়ী করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, জলাবদ্ধতাপ্রবণ এলাকায় কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। তবে খাল দখল ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধান না হলে স্থায়ী সমাধান সম্ভব নয়। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, নাগরিকরা ড্রেন ও ম্যানহোলে বর্জ্য ফেলায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ড্রেন পরিষ্কার ও নজরদারি জোরদার করা হয়েছে এবং কেন্দ্রীয় কন্ট্রোল রুম (০১৭০৯৯০০৮৮৮) চালু করেছে।

দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ওয়াসার কাছ থেকে পাওয়া অনেক ড্রেনেজ লাইনে ত্রুটি রয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে স্বল্প সময়ে অতিবৃষ্টিও বিদ্যমান ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। অন্যদিকে উত্তর সিটির প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, কল্যাণপুর খালের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়া এবং চলমান উন্নয়নকাজের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।
নগর পরিকল্পনাবিদদের মতে, সমস্যার মূল কারণ শুধু ভারী বৃষ্টি না, অপরিকল্পিত নগরায়ণ, খাল দখল, বর্জ্যে ভরা ড্রেন, নিষ্ক্রিয় বক্স কালভার্ট এবং সংস্থাগুলোর সমন্বয়হীনতা। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি ফজলে রেজা সুমন বলেন, উপ-ড্রেনগুলোর সঙ্গে মূল পানি নিষ্কাশন পথের কার্যকর সংযোগ নেই। দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা ছাড়া এই সংকট কাটবে না।
নগর পরিকল্পনাবিদ ড. আকতার মাহমুদ বলেন, ঢাকার প্রাকৃতিক পানি নিষ্কাশনের খালগুলো বছরের পর বছর দখল ও ভরাট হওয়ায় বৃষ্টির পানি বের হওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। প্রকল্প বাস্তবায়নের পর কার্যকারিতা যাচাই বা রক্ষণাবেক্ষণেরও অভাব রয়েছে। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, শুধু ড্রেন পরিষ্কার করলেই হবে না, সবুজ অবকাঠামো, খাল সংরক্ষণ এবং প্রকৃতিনির্ভর পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
আর বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবীর বলেন, ঢাকার চারপাশের নদী ও অধিকাংশ খাল আজ দখল ও দূষণের শিকার। পানি যাওয়ার মূল পথ বন্ধ রেখে শুধু ড্রেন নির্মাণ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়।
মিরপুরের শেওড়াপাড়া এলাকার বাসিন্দা কামরুল হাসান নিজের ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতি বছরই শুনছি ড্রেন পরিষ্কার হচ্ছে, নতুন পাইপ বসানো হচ্ছে। কিন্তু কাজের বেলায় দেখা যায় মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতেই রাস্তাগুলো যেন নদী হয়ে যায়। ঘরের ভেতর পানি ঢুকে আসবাবপত্র নষ্ট হচ্ছে। ট্যাক্স নিয়মিত দিলেও নাগরিক সুবিধার নামে কেবল চরম দুর্ভোগই উপহার পাওয়া যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। একই ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন পুরান ঢাকার ব্যবসায়ী আলতাফ হোসেন। তিনি জানান, কোটি কোটি টাকার বাজেট শুধু কাগজেই দেখা যায়, বাস্তবে পুরান ঢাকার জলাবদ্ধতা কাটাতে কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। সামান্য বৃষ্টি হলেই দোকানপাটে পানি ঢুকে লাখ লাখ টাকার মালামাল নষ্ট হচ্ছে। মিরপুর-১০ নাম্বারের বাসিন্দা রহিমা বেগম বলেন, প্রতি বছর কোটি টাকার প্রকল্পের কথা শুনি, কিন্তু ঘরে পানি ঢুকে সব নষ্ট হয়। বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ।
বিশেষজ্ঞদের মতে, শুধু বর্ষার আগে ড্রেন পরিষ্কার বা নতুন প্রকল্প হাতে নিলেই হবে না। রাজধানীর খাল উদ্ধার, নদীর সঙ্গে ড্রেনেজ সংযোগ পুনঃস্থাপন, সমন্বিত নগর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং প্রকল্প বাস্তবায়নের জবাবদিহি নিশ্চিত করা ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। অন্যথায় প্রতি বর্ষায় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের মাঝেও রাজধানীবাসীকে একই দুর্ভোগের পুনরাবৃত্তি দেখতে হবে।