ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ স্পটলাইট ]

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগী

বায়েজীদ মুন্সী
প্রকাশিত: ১৮:৫৫, ২ জুলাই ২০২৬
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগী
ছবি: ডেইলি বাংলাদেশ

তিন সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আব্দুল মান্নানের স্ত্রী নাসিমা বেগম। পেটে অস্ত্রোপচার শেষে দীর্ঘদিন পর চিকিৎসকের ছাড়পত্র পেয়েছেন। এবার রোগীকে গ্রামের বাড়ি পটুয়াখালীতে নেওয়ার জন্য প্রয়োজন অ্যাম্বুলেন্স। তবে কিছুতেই মিলছে না ভাড়ার হিসাব। হাসপাতালের জরুরি বিভাগের সামনে যেসব অ্যাম্বুলেন্স রয়েছে তারা ১৪-১৫ হাজার টাকার কমে কেউ যাবে না। এক পর্যায়ে একটি অ্যাম্বুলেন্স ৯ হাজার টাকায় যেতে রাজি হয়। তবে ফিরতি ট্রিপ নেওয়ার ঘটনা বুঝতে পেরে ওই অ্যাম্বুলেন্সের চালক শাহিনকে ডেকে নিয়ে যায় হাসপাতাল চত্বরে অবস্থান করা অন্য কয়েকটি অ্যাম্বুলেন্সের চালক। তারপর শাহিনের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ট্রিপ নেওয়ার জন্য ৪ হাজার টাকা নিয়ে নেয় চক্রটি। 

অ্যাম্বুলেন্স চালক শাহিনের অভিযোগ, এখানে একটি সিন্ডিকেট চক্র রয়েছে। তারা এখানকার অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ করে। এখানে রোগী নিয়ে প্রবেশ করা যায় কিন্তু বাহির থেকে এসে ফিরতি ট্রিপ ধরা নিষেধ। অর্থাৎ এখানে একটি সিন্ডিকেটের আওতায় চলে সবাই। যদি কেউ ট্রিপ নিতে যায় তবে তাদেরকে মারধর কিংবা ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেয়া হয়। 

শুধু রোগী নাসিমা বেগম কিংবা অ্যাম্বুলেন্স চালক শাহিনই নয়, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাতে জিম্মি রাজধানীসহ দেশের সবগুলো জেলার সরকারি হাসপাতালগুলোতে থাকা রোগী ও তাদের স্বজনরা। সিন্ডিকেটের বাইরের কোনও অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে রোগী নিয়ে বের হতে পারে না। আর এই সিন্ডিকেটের ফাঁদে আটকে মরদেহ ও রোগী পরিবহনে ভুক্তভোগীদের গুনতে হয় ২-৩ গুণ বেশি ভাড়া। বাইরের কোনো অ্যাম্বুলেন্স রোগী নিতে গেলে প্রকাশ্যে মারধর করা হয়। বছরের পর বছর এ অনিয়ম চললেও দেখার কেউ নেই। 

দেশের সরকারি হাসপাতালগুলো ঘিরে গড়ে ওঠা শক্তিশালী সিন্ডিকেটের কারণে এই সেবাই এখন পরিণত হয়েছে ভয়াবহ ভোগান্তি ও অতিরিক্ত অর্থ আদায়ের হাতিয়ারে। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী ও স্বজনদের কাছ থেকে গন্তব্যভেদে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সিন্ডিকেটের বাইরে কোনো অ্যাম্বুলেন্স রোগী পরিবহন করতে চাইলে চালকদের ভয়ভীতি, মারধর কিংবা মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। বছরের পর বছর এই অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনছেন। স্বাস্থ্যসেবার এই গুরুত্বপূর্ণ খাত এখন একটি সংঘবদ্ধ বাণিজ্যিক চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনের জায়গাটা বলা যায় পুরোপুরি ঘিরে ফেলেছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। এই সিন্ডিকেটের দখলে থাকা কয়েকশ অ্যাম্বুলেন্স হাসপাতাল কমপ্লেক্সে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাসপাতাল গেটে সবসময় সরব একটি দল। রোগীর স্বজনরা আসলেই ঘিরে ধরে এই সিন্ডিকেট। অথচ কয়েক দিন ঘুরেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল লেখা সরকারি কোনো অ্যাম্বুলেন্স চোখে পড়েনি। ঢাকা মেডিকেলের একপাশ যেন পুরোটাই দখল করে আছে ব্যক্তি মালিকানার অ্যাম্বুলেন্সগুলো।

জানা গেছে, ঢাকা মেডিকেলে কাগজে-কলমে আছে ৮টি অ্যাম্বুলেন্স। এর মধ্যে অযত্নে পড়ে আছে দুইটি। একটি ভিআইপিদের জন্য সংরক্ষতি; আর সচল আছে ৫টি। ঢাকার মধ্যে সাড়ে ৩০০ টাকায় ট্রিপ দেয়ার কথা থাকলেও তা জানেন না বেশির ভাগ সেবাপ্রত্যাশী। সিন্ডিকেটের ভয়ে নির্ধারিত জায়গায় গাড়ি রাখতেই সাহস নেই সরকারি ড্রাইভারদের।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, আমরা ডেকে নিয়ে একাধিকবার অবৈধ অ্যাম্বুলেন্স মালিকদের সতর্ক করেছি, যাতে তারা ঢাকা মেডিকেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গ্যারেজ হিসেবে দখল না করে। ইতিপূর্বে আমরা আল্টিমেটাম দিয়ে অভিযানও চালিয়েছি। এখনো যারা এর সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ও ঢাকা মেট্রোপলিটন অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি নামে অ্যাম্বুলেন্স মালিকদের দুইটি সমিতি রয়েছে বলে জানা গেছে। সদস্য সংখ্যার দিক থেকে ঢাকা মেট্রোপলিটন অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সদস্য সংখ্যা প্রায় ৩ হাজার। দুইটা সংগঠনই সারা দেশের সব অ্যাম্বুলেন্সকে তাদের নিয়ন্ত্রণে রাখে এবং বিভিন্ন জেলায় তাদের সিন্ডিকেটও সেই জেলা ছাড়া অন্যান্য জেলার অ্যাম্বুলেন্সগুলোকে রোগী নিয়ে যেতে দেয় না। কে, কোন রোগী নিতে পারবে সে বিষয়ে সিন্ডিকেটের একটি অলিখিত নিয়ম রয়েছে এবং সমিতির প্রতিটি হাসপাতালের ইউনিটের জন্য তা অনুসরণ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে যদি ঢাকা থেকে একটি অ্যাম্বুলেন্স একজন রোগীকে নিয়ে ঢামেক হাসপাতাল থেকে অন্যকোন জেলায় যায়, সেই অ্যাম্বুলেন্সটিকে খালি ফিরতে হবে। আর যদি চালক সেখান থেকে কোনো রোগীকে ঢাকায় আনতে চায়, সেক্ষেত্রে সিন্ডিকেটকে কমিশন হিসেবে ভাড়ার অর্ধেক টাকা দিতে হবে। 

খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতিটি সরকারি-বেসরকারি হাসপাতাল ঘিরেই গড়ে উঠেছে অ্যাম্বুলেন্সকেন্দ্রিক শক্তিশালী সিন্ডিকেট। রোগী বা রোগীর স্বজনদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ইচ্ছামতো ভাড়া আদায় করছে এই সিন্ডিকেট। অধিকাংশ অ্যাম্বুলেন্সের মালিক হাসপাতালের কতিপয় কর্মচারী ও তাদের স্বজনরা। অনেক রাজনীতিক ও স্থানীয় প্রভাবশালীরাও জড়িত এই সিন্ডিকেটে। তাদের কারও অ্যাম্বুলেন্স আছে, কেউ আবার মাসোয়ারা পান। 

সরেজমিন ও বিভিন্ন মহলে কথা বলে জানা গেছে, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা শিশু হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও জাতীয় কিডনি ইনস্টিটিউট ঘিরে গড়ে উঠেছে এক ডজনের মতো শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের রয়েছে পৃথক সমিতি ও নেতা। হাসপাতালগুলোর আশপাশেই রয়েছে তাদের অলিখিত অফিস। তারাই অ্যাম্বুলেন্সগুলো নিয়ন্ত্রণ করে। চাইলেই কেউ কম ভাড়ায় অন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারে না। কেউ বাইরে থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গেলে তাতে রোগী উঠতে দেওয়া হয় না। বেশি টাকায় তাদের কাছ থেকেই অ্যাম্বুলেন্স ভাড়া নিতে হয়। এছাড়া সিন্ডিকেটের আওতাধীন এসব অ্যাম্বুলেন্সের অবস্থাও খুব একটা ভালো না। সেগুলোতে স্ট্রেচার ও অক্সিজেন সিলিন্ডার ছাড়া আর তেমন কোনো সরঞ্জাম নেই।

নাম প্রকাশ না করার শর্তে কুষ্টিয়ার এক অ্যাম্বুলেন্স মালিক বলেন, অ্যাম্বুলেন্সে করে রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার সিন্ডিকেট সদস্যরা আমাদের হাসপাতাল চত্বর থেকে তাড়িয়ে দেয়। রাজধানীর আরও কয়েকটি সরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে একই চিত্র। 

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সচালক মিজান জানান, তাদের সংগঠন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সদস্য ছাড়া কেউ এই হাসপাতাল থেকে রোগী নিতে পারবে না। অন্যরা সেখান থেকে রোগী নিতে চাইলে তাদের সঙ্গে আলোচনা করে নিতে হয়। 

শেরেবাংলা নগর এলাকার চারটি হাসপাতালের একাধিক অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার ভিতর রোগী বহন করতে তারা ২ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত নেন। ঢাকার হাসপাতাল থেকে আশপাশের জেলায় রোগী নিতে ৫ থেকে ১২ হাজার টাকা নেওয়া হয়। একটু দূরের জেলার ক্ষেত্রে অনেক সময় ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাদল মাতবর বলেন, আমাদের সংগঠনের সদস্যদের মাসিক দেড় হাজার টাকা পার্কিং ফি এবং মাসে ২০০ টাকা মেম্বারশিপ ফি দিতে হয়। একটি অ্যাম্বুলেন্স কিনতে ২০ থেকে ২২ লাখ টাকা প্রয়োজন হয়। ফলে রোগীরা যদি ঢামেক হাসপাতালের বাইরের অ্যাম্বুলেন্স ভাড়া করে সেক্ষেত্রে মালিকদের লোকসান হবে।
ঢাকা মেট্রোপলিটন অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন, অ্যাম্বুলেন্স মালিকদের লোকসানের হাত থেকে রক্ষা করতে এই সিন্ডিকেট করা হয়েছে। অ্যাম্বুলেন্স কীভাবে চলবে, ভাড়া কত হবে এ বিষয়ে সরকারি কোনো নীতিমালা করা হয়নি। আমরা জোর দাবি জানিয়ে আসলেও এর কোন সুরাহা হচ্ছে না।

এ বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, বিআরটিএ মূলত হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্সের অনুমোদন দেয়। কেউ যদি হাসপাতালের নাম দিয়ে ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সের নিবন্ধন নেয়, তা সম্পূর্ণ বেআইনি। এদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। বিআরটিএ কর্মকর্তারা বলেন, বিআরটিএ শুধু বাসের ভাড়া নির্ধারণ করে থাকে। এর বাইরে আর কোনো পরিবহনের ভাড়া নির্ধারণ করে না। অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মালামাল পরিবহনে গাড়ির ভাড়া সাধারণ মানুষের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা মালিকদের সঙ্গে আলোচনা বা সমঝোতার মাধ্যমে নির্ধারণ করে। 

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন অধ্যাপক ডা. লিয়াকত আলী। দেশের অ্যাম্বুলেন্স ব্যবস্থার উন্নয়নে সুপারিশ সম্পর্কে তিনি বলেন, কমিশনের প্রস্তাবে সারা দেশে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি সমন্বিত ন্যাশনাল অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক বা জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনের সুপারিশ করা হয়েছে। এতে গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী এই তিন স্তরের রোগীদের পরিবহনের জন্য আলাদা ধরনের অ্যাম্বুলেন্স চালুর প্রস্তাব রয়েছে। তিনি বলেন, জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে স্থানীয় প্রযুক্তিতে দেশে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিটি অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট ও অন্যান্য জরুরি সুবিধা যুক্ত করা, মহাসড়কের কাছাকাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কার্যকর ট্রমা সেন্টারের পাশাপাশি সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সের উপস্থিতি বাধ্যতামূলক করা এবং জরুরি প্রয়োজনে রোগীদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য একটি কার্যকর ও বাধ্যতামূলক রেফারেল সিস্টেম চালু করার কথা বলা হয়েছে। সরকার এ সুপারিশগুলো বাস্তবায়ন করতে পারলে সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি। 

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) জানান, সরকার মানুষের দোরগোড়ায় অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে কাজ করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে একটি নির্বাচিত উপজেলায় মডেল হিসেবে এই কাজ শুরু হবে। তিনি বলেন, সরকার তিন স্তরে এই সেবা প্রদানের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে গ্রাম থেকে উপজেলা, জেলা এবং রাজধানী এই তিন পর্যায়ের জন্য তিন ধরনের অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে অ্যাম্বুলেন্সের চাহিদা মেটাতে আমদানির ওপর দেশের নির্ভরতা কমবে এবং তুলনামূলক কম খরচে আধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা সম্ভব হবে। এই উদ্যোগ জরুরি রোগী পরিবহন ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে। 

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!