সান্তাহারে বিধবার বাড়ি দখল-ভাঙচুরের অভিযোগ
বগুড়ার সান্তাহার পৌর শহরে প্রতিবেশির বিরুদ্ধে এক বিধবার বাড়ি দখল ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী রিজিয়া বেগম সান্তাহার ডাকবাংলো এলাকার কলসা মহল্লার আমজাদ হোসেনের স্ত্রী।
অভিযোগে তিনি জানান, স্বামীর রেখে যাওয়া দেড় শতাংশ জমিতে দোতলা বাড়ি করে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন তিনি। একমাত্র ছেলে ঢাকায় থাকে। এ সুযোগে প্রতিবেশি সাইফুর রহমান গোপনে আদমদীঘি সহকারি জজ আদালতে মামলা করে বাড়ির জায়গা দখল নেয়ার চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন ওই বিধবার মেয়ে নাসিমা খাতুন। এতে ক্ষিপ্ত হয়ে ৫ অক্টোবর তাদের বাড়ির দোতলার কার্নিস ও বিদ্যুতের মিটার ভাঙচুর করেন সাইফুর রহমান, আবদুর রহমান, রওশন আরা, সুরাইয়া সিদ্দিক। এ সময় বাধা দিতে গেলে মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি করেন তারা।
অভিযোগে আরো জানানো হয়েছে, বাড়ি ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি করেই থামেননি সাইফুর রহমান। বাড়ি থেকে উচ্ছেদ করে হত্যার হুমকিও দিয়েছেন। এ বিষয়ে স্থানীয়রা সালিশ বৈঠক ডাকলেও তারা আসেননি।
সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই আবদুল ওয়াদুদ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।