কপ-৩১ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। সোমবার (৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
ভিডিও বার্তায় সম্মেলনে নিজের তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন খলিলুর রহমান।
প্রথম অগ্রাধিকার হিসেবে তিনি প্যারিস জলবায়ু চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করেন। এ লক্ষ্য অর্জনে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, বিদ্যুতায়ন সম্প্রসারণ এবং ক্ষতিকর গ্যাসের নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।
দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে জলবায়ু অর্থায়নের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেবেন বলে জানান তিনি।
মানবসম্পদ ও জনবসতি সুরক্ষাকে তৃতীয় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন খলিলুর রহমান। তিনি বলেন, মানুষের জীবন রক্ষা করাই তাদের অন্যতম লক্ষ্য। এ জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করা এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় বিনিয়োগের প্রয়োজন রয়েছে।