ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উৎসবে মাতোয়ারা চলনবিলের আদিবাসী পল্লী

গাজী শাহাদত হোসেন ফিরোজী
প্রকাশিত: ১২:৪৮, ১০ নভেম্বর ২০২৬
উৎসবে মাতোয়ারা চলনবিলের আদিবাসী পল্লী
সিরাজগঞ্জ সহরায় পরব উৎসবে মাতোয়ারা চলনবিলের আদিবাসী পল্লী। ছবি: ডেইলি বাংলাদেশ

সন্ধ্যায় বসতভিটায় অগণিত প্রদীপ জ্বালানি ও গোয়াল পূজা ঘিরে চলনবিলের আদিবাসী পল্লিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সহরায় পরব বা সোহ্রাই’। গতকাল রোববার সন্ধ্যায় ছোট মাটির খুঁড়িতে সরিষার তেল দিয়ে কাপড়ের ছোট ছোট সলতে বানিয়ে প্রদীপ বা দিয়ালি প্রজ্বালনের মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হয়।

সমতলের আদিবাসী মাহাতো, বেদিয়া মাহাতো, ওঁরাওসহ কয়েকটি সম্প্রদায় নিজেদের ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখতে এবং বর্তমান প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে নানা আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই পরব উদযাপন করছেন। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর এবং নাটোরের সিংড়া এলাকায় বসবাসরত আদিবাসীরা এই উৎসবে অংশ নিচ্ছেন।

মূলত শরৎ ঋতুর বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সহরায় পরব বা গোয়াল পূজার আয়োজন করে চলনবিল অঞ্চলের কয়েকশ পরিবার। যার বেশির ভাগই মাহাতো সম্প্রদায়ের। তিন দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে বাড়ির আনাচ-কানাচ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। চালের গুঁড়ায় পানি মিশিয়ে বাড়ির উঠান, মাটির ঘরের দেয়ালজুড়ে বাহারি আল্পনা আঁকেন বউ-ঝিরা।

এর আগে গত শনিবার রাতে গৃহপালিত পশুদের শিংয়ে হলুদ, দূর্বা ঘাস ও সরিষার তেল মাখানো হয়। একই সঙ্গে বিশেষ যত্ন নেওয়া হয় লাঙল, জোয়াল, মইসহ কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির।

রোববার সূর্যাস্তের পর যখন সন্ধ্যা নেমে আসে, তখন শুরু হয় ঘি ও তেলের প্রদীপ বা দিয়ালি প্রজ্বালন পর্ব। কৃষকের বাড়ির প্রতিটি ঘরের দরজা, গোয়ালঘর, খামার, ধানের ক্ষেত, ফলবান বৃক্ষ ও কৃষির অন্যান্য আয়ের উৎসস্থলে পিঁড়ায় মঙ্গল প্রদীপ জ্বালানো হয় আগামীর মঙ্গল কামনায়।

রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল মাহাতো জানান, আদিকাল থেকে বংশপরম্পরায় সুখ-সমৃদ্ধি ও শক্তির দেবতা হিসেবে গোয়াল দেবতার পূজা করে আসছেন আদিবাসী বেশ কয়েকটি সম্প্রদায়ের লোকজন। মঙ্গলবার ষাঁড় নাচানো ও রাতে আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ঝুমুর নাচের মধ্য দিয়ে এই উৎসব শেষ হয়েছে।

তাড়াশের সরাপপুর এলাকার নিশিতা মাহাতো জানান, কার্তিকের অমাবস্যায় আদিবাসী জনগোষ্ঠীর কৃষিজীবী পরিবার চাষাবাদে ব্যবহৃত গবাদি প্রাণীর প্রতি বিশেষ যত্নবান হয়। মাধাইনগর এলাকার শ্যামল মাহাতোর ভাষ্যমতে, আসন্ন হেমন্ত ঋতুতে জমির কঠিন মাটিকে চাষযোগ্য করার জন্য ধর্মীয় রীতি মেনে তারা গবাদি পশুর যত্ন নেন এবং গোয়াল পূজায় মনোনিবেশ করেন।

রোববার অমাবস্যার রাতে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ সোমবার গোয়ালঘরে পূজা দেওয়া হবে। সৃষ্টিকর্তার কৃপা ও সন্তুষ্টি লাভে প্রার্থনা করা হবে। মঙ্গলবার অনুষ্ঠানটি শেষ হয়েছে। এরপর প্রতিটি উৎসবে অংশ নেওয়া পরিবারে আতপ চালের সঙ্গে পাঁঠা ও লাল মোরগের মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হবে। সঙ্গে নানা ধরনের পিঠা দিয়ে চলবে পরিবার, স্বজন ও অতিথিদের আপ্যায়ন।

সময়ের পরিবর্তনের মধ্যেও চলনবিল অঞ্চলের আদিবাসীরা তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস, কৃষি জীবনের ঐতিহ্য ও লোকজ ঐতিহ্য ধরে রেখেছেন। নতুন প্রজন্মের কাছে সেই ঐতিহ্য পৌছে দেওয়ার পাশাপাশি পারস্পারিক সম্পৃতি ও সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রেও সহরায় পরব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাটির প্রদিপের আলোয় তাই প্রতিবছর নতুন করে প্রাণ পায় চলনবিলে আদিবাসী ঐতিহ্য।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!