ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রেল খাতকে লোকসান থেকে উন্নীতের পরামর্শ স্থায়ী কমিটির

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩, ৫ অক্টোবর ২০২৬
রেল খাতকে লোকসান থেকে উন্নীতের পরামর্শ স্থায়ী কমিটির
ছবি: সংগৃহীত

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করতে আয় বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে। এ জন্য যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো এবং বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Advertisement

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী ও কমিটির সদস্য হাবিবুর রশিদ এবং কমিটির সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, মো. আবু সাইদ চাঁদ, মো. রবিউল আওয়াল, মু. মিজানুর রহমান, মুহাম্মদ আজীজুর রহমান ও মো. গোলাম রব্বানী অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে সভাপতি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণ করা হয়। একই সঙ্গে আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ ছাড়া রেল পরিদর্শন অধিদপ্তর ও কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) কার্যক্রম, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং এর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয়।

রেলের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের পাশাপাশি মালবাহী ক্যারেজ বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিটি। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানোর সুপারিশ করা হয়। রেলখাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান ডিজিটাল সেবা, নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বাড়ানোর উদ্যোগ, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ এবং প্রস্তাবিত পঞ্চগড়-কক্সবাজার রেলপথের অগ্রগতি সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!