ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কন্যার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০০, ৪ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কন্যার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই
সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 

তিনি বলেন, জাইমা রহমান নিজস্ব পেশাগত সক্ষমতা ও যোগ্যতায় জাতিসংঘের এই পদে নিয়োগ পেয়েছেন।

Advertisement

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দাবি করেন তিনি।

মাহদী আমিন বলেন, বাংলাদেশ সরকার কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে কোনো চাকরি দেওয়া হয়নি। এমনকি জাতিসংঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনেও তার কোনো পদায়ন হয়নি। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের দূরতম কোনো সম্পৃক্ততা নেই। 

তিনি আরও বলেন, জাইমা রহমান সরাসরি জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।  

জাতিসংঘের নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানান তিনি। 

মাহদী আমিন বলেন, নিয়োগের যাবতীয় প্রক্রিয়া ও আর্থিক সুবিধা জাতিসংঘের সংশ্লিষ্ট কার্যালয় থেকেই বহন করা হচ্ছে।

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে এ পদ ও নিয়োগের তথ্য যাচাই করা যাবে বলেও জানান তিনি।

জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই কার্যালয়ের প্রকাশিত তালিকায় তার নাম ও পদ উল্লেখ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!