ডেপুটি স্পিকারের উদ্যোগে ফের চালু জারিয়া লোকাল
ইঞ্জিন সংকটে কয়েক দিন বন্ধ থাকার পর আবারও চলাচল শুরু করেছে ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রুটের একমাত্র লোকাল ট্রেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে রোববার (৪ অক্টোবর) সকাল থেকে ট্রেনটি চালু হয়েছে।
পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় কয়েক দিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন এ রুটের নিয়মিত যাত্রীরা। দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও ধোবাউড়া উপজেলার হাজারো মানুষকে বাধ্য হয়ে বাড়তি খরচে বিকল্প পরিবহন ব্যবহার করতে হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিষয়টি জানতে পেরে রেলপথ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তার উদ্যোগের পরদিনই ট্রেনটি ফের চালুর ব্যবস্থা করা হয়।
.png)
রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জারিয়া লোকাল ট্রেনটি ২৩০০ ও ২৪০০ সিরিজের লোকোমোটিভ দিয়ে পরিচালিত হয়। মেরামতের জন্য ওয়ার্কশপে থাকা ছয়টি ইঞ্জিনের মধ্য থেকে একটি দ্রুত ময়মনসিংহে পাঠানো হয়। এতে রোববার সকাল থেকে ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়।
ট্রেনটি চালু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে। জারিয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত মাত্র ২০ টাকায় যাতায়াতের সুযোগ থাকায় এ ট্রেনটি তাদের কাছে গুরুত্বপূর্ণ পরিবহন হিসেবে বিবেচিত।
জারিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, গত সেপ্টেম্বর মাসে মাত্র আট দিন ট্রেনটি চলাচল করেছে। এ সময়ও ট্রেনের চলাচল ছিল অনিয়মিত। সর্বশেষ ২৯ সেপ্টেম্বর দুই ট্রিপ পরিচালনার পর ট্রেনটি বন্ধ হয়ে যায়। কয়েক দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন গড়ে চারটি ট্রিপ পরিচালনার কথা থাকলেও ইঞ্জিন সংকটে সেপ্টেম্বরে ট্রেন চলাচলের দিনগুলোতে ট্রিপ কমিয়ে দেওয়া হয়। কোনো দিন চারটি, কোনো দিন দুটি আবার কোনো দিন মাত্র একটি ট্রিপ পরিচালিত হয়েছে।
এদিকে দুর্গাপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার নতুন রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ডেপুটি স্পিকার কায়সার কামালের আমন্ত্রণে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, রেলওয়ের মহাপরিচালক, রেল সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জারিয়া রেলওয়ে স্টেশন ও দুর্গাপুর এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন।
এ ছাড়া এ রুটে ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ডেপুটি স্পিকার ডিও লেটার পাঠিয়েছেন। বর্তমানে রেলপথ মন্ত্রণালয় সম্ভাব্যতা যাচাই ও কারিগরি সমীক্ষা করছে।