ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের সব জেলায় কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩, ১ অক্টোবর ২০২৬
দেশের সব জেলায় কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
সংগৃহীত ছবি

আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

Advertisement

অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামানের সই করা চিঠি দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে। জেলা পুলিশের তত্ত্বাবধানে বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি জেলায় কিউআরটি গঠন করতে হবে। এসব টিমে জেলা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।

কিউআরটির সদস্যদের নিয়ে নিয়মিত মাদক ও অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান এবং মহড়া আয়োজনের নির্দেশও দেওয়া হয়েছে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটের সদস্যদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা তৈরি করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব অভিযান ও মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সংখ্যা, উদ্ধার করা মালামাল এবং গ্রেপ্তারের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে।

চিঠির কার্যার্থে দেশের সব পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে এপিবিএন, শিল্প পুলিশ, পিবিআই, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিট এবং রেঞ্জ কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।

এর মাধ্যমে জেলা পর্যায়ে বিভিন্ন ইউনিটে ছড়িয়ে থাকা পুলিশ সদস্যদের সমন্বিত করে জরুরি মুহূর্তে দ্রুত মাঠে মোতায়েনের জন্য একটি কাঠামো তৈরি করতে যাচ্ছে পুলিশ সদর দপ্তর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!