ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নেবে না বিএনপি: এলজিআরডি প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নেবে না বিএনপি: এলজিআরডি প্রতিমন্ত্রী
কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: ডেইলি বাংলাদেশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের কলঙ্ক বিএনপি নিতে চায় না।

বুধবার কুড়িগ্রাম সফরে গিয়ে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের সরকার। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা প্রয়োজন, তাই করা হবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।’

Advertisement

মীর শাহে আলম জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ৬ জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘যারা নির্বাচনে অংশ নেবেন, তারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন। আমরা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করব।’

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপানো বিরোধী দলের রাজনৈতিক দায়িত্বের অংশ। বিষয়টি সঠিক হোক বা ভুল হোক, বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, ‘আমরা কোথায় ব্যর্থ, তা জনগণ বিবেচনা করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার অত্যন্ত সচেতন। আমরা নিবিড়ভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।’

সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারের কৃত্রিম সংকট ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তবে এসব বিষয়ে তার বক্তব্যের বিস্তারিত অংশ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!