ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতীয় হাইকমিশনার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬
দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতীয় হাইকমিশনার
ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বিষয়টি তার ‘মাথার ওপর দিয়ে যাচ্ছে’।

রাজনৈতিক কোনো বিষয়ে মন্তব্য করতে চান না বলেও জানান তিনি।

Advertisement

বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর ও বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আচ্ছা, এটা তো আমার মাথারও ওপর দিয়ে যাচ্ছে ভাই।’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এখানে রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশেরই এ সফরে আগ্রহ রয়েছে এবং সামগ্রিক পরিবেশ ইতিবাচক। দুই প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে সফরটি হবে বলেও জানান তিনি। তবে এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকার কথা উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী মুখোমুখি বৈঠকে বসলে এসব সমস্যার সমাধানে অগ্রগতি হতে পারে।

সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এ নিয়ে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। সফর হলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা করেন দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকের পরও তিনি জানিয়েছিলেন, সফরের জন্য কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই এবং দুই দেশের সম্পর্কের পরিবেশ ইতিবাচক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!