ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

মাঝ আকাশে পাইলট অসুস্থ, ভারতে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:৪০, ২৭ আগস্ট ২০২১
মাঝ আকাশে পাইলট অসুস্থ, ভারতে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
ফাইল ছবি

মাস্কাট থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। ভারতের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এদিকে ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি ঘুরে নাগপুরে অবতরণ করে।

তবে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের অন্য এক সূত্রে জানা গেছে, ফ্লাইটটির এক পাইলট মাঝ আকাশে হঠাৎ অসুস্থ বোধ করায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়া হয়।

বিমান সূত্র জানায়, বৃহস্পতিবার বিমানের বিজি-২২ নামের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি শুক্রবার ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

মাস্কাট থেকে বিজি-২২ ফ্লাইটের একজন যাত্রী জানান, মাস্কাট থেকে আমাদের ফ্লাইটে তোলা হয়। আমাদের মাস্কাটে ৪ ঘণ্টা অপেক্ষা করিয়ে সাড়ে ৬টায় বিমানে তোলা হয়। তবে বিমানটি পুশ ব্যাক করার সময় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরে অবশ্য নাগপুরে এটি জরুরি অবতরণ করে।

বর্তমানে বিমানের যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অপেক্ষা করছেন। যাত্রীদের আনতে নতুন ফ্লাইট পাঠানো হবে কিনা, এ ফ্লাইটে আনা হবে তা নিশ্চিত করেনি বিমান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!