[ লাইফস্টাইল ]
ইফতারে রাখুন বরিশালের ঐতিহ্যবাহী মলিদা
মলিদা। ছবি: সংগৃহীত
বরিশাল অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও আকর্ষণীয় খাবার হচ্ছে মলিদা। মলিদা ব্যতীত ঈদ বা যেকোনো উৎসব বরিশালের মানুষদের কাছে যেন ঠিকমতো জমেই ওঠে না। উৎসবমুখর পরিবেশে বরিশালের মানুষদের মলিদাটা যেন চাই-ই চাই। তবে বর্তমান প্রজন্মের অনেকে এই মলিদার সঙ্গে পরিচিত নন। এটি পান করতে যেমন সুস্বাদু তেমনি সারা মাসের রোজার ক্লান্তি দূর করতেও সহায়ক। চলুন জেনে নেয়া যাক মলিদা তৈরির রেসিপি-
উপকরণ: পোলাওয়ের চাল বাটা এক কাপ, নারিকেল বাটা দুই টেবিল চামচ, ভিজিয়ে রাখা চিড়া আধা কাপ, ঠাণ্ডা তরল দুধ দুই কাপ, ডাবের পানি এক কাপ, আদা বাটা এক চা চামচ, চিনি আধা আধা কাপ, লবণ পরিমাণ মতো।
প্রণালী: একটি পাত্রে প্রথমে পোলাওয়ের চাল বাটা, নারিকেল বাটা ও চিড়া মিশিয়ে হাত দিয়ে কচলে নিন যেন সবগুলো উপাদান একসঙ্গে মিশে যায়। আরেকটি পাত্রে তরল দুধ, ডাবের পানি ও চিনি মিশিয়ে সম্পূর্ণরূপে চিনি না মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
দুধের মিশ্রণে চাল, নারিকেল ও চিড়ার মিশ্রণটি অল্প অল্প করে মিশিয়ে নাড়তে থাকুন। সবগুলো মিশ্রণ ঢালার পর লবণ ও আদা বাটা দিয়ে ৫ মিনিট ভালো করে নাড়ুন। চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে তৈরি করে নিতে পারেন। এবার গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু মলিদা।
ডেইলি-বাংলাদেশ/এসএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!