ঘরেই বানিয়ে ফেলুন কেমিক্যাল বিহীন হেয়ার কালার
চুলের সৌন্দর্য বাড়াতে অনেকেই হেয়ার কালার করে থাকেন। আর এর জন্য ভরসা হচ্ছে পার্লার। তবে জানেন কি, পার্লার ছাড়াই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনি নিজেই হেয়ার কালার তৈরি করতে পারবেন। আর এতে কোনো কেমিক্যালও ব্যবহার করতে হবে না বলে চুলও নষ্ট হওয়ার ভয় থাকবে না।
তাই এই লকডাউনে সেলুন কিংবা পার্লার কোথাও না যেয়ে ঘরেই তৈরি করে নিন হেয়ার কালার। দেরি না করে চলুন জেনে নেয়া যাক ঘরে বসে হেয়ার কালার বানানোর উপায়টি-
যা যা লাগবে
.png)
কফি পাউডার, দারুচিনি গুঁড়া, অ্যাপেল সিডার ভিনেগার, পানি।
যেভাবে বানাবেন
একটা বাটিতে আন্দাজমত দারুচিনি গুঁড়া ও কফি পাউডার মেশান। খেয়াল রাখবেন কফি পাউডার ও দারুচিনি গুঁড়া যেন সমান পরিমাণে নেয়া হয়। দারুচিনি আর কফি পাউডার ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে কফির লিকার দিন। দেখবেন একেবারে যেন টলটলে পাতলা না হয়ে যায়। সঙ্গে দিন ৫ থেকে ৬ চামচ অ্যাপেল সিডার ভিনেগার। ভালো করে পুরো মিশ্রণটি চামচ দিয়ে নেড়ে নিন। শ্যাম্পু করার পর চুলটা টাওয়াল দিয়ে মুছে একটু শুকিয়ে নিন।
এবার মিশ্রনটি ভালো করে চুলে লাগান। স্ক্যাল্পে না লাগলেই ভালো। মোটামুটি ৪০ মিনিট রেখে উষ্ণ গরম পানিতে চুল ধুয়ে নিন। যাদের চুল ড্রাই তারা ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন। চাইলে সেদিনই শ্যাম্পু করে নিতে পারেন। সুযোগ থাকলে এক রাত রেখে পরদিন শ্যাম্পু করুন। রং আরো খানিকটা গাঢ় হবে। এবার তফাৎটা নিজেই দেখে নিন।