ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ২০ সেপ্টেম্বর ২০২৬
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
ছবি সংগ্রহীত

২০২৪ সালের জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার অভিযোগে সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

Advertisement

পলাতক পাঁচ আসামি হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

এর আগে ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মাকসুদ কামাল, জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক টকশোতে আন্দোলনকারীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন এবং আবু সাঈদকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন। তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দেওয়া এবং ছাত্রলীগকে মাঠে নামানোর অভিযোগ রয়েছে। আর অধ্যাপক জাফর ইকবালের বিরুদ্ধে আন্দোলনকারীদের ‘রাজাকারের সন্তান’ আখ্যা দিয়ে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

আট আসামির মধ্যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আগে থেকেই গ্রেপ্তার রয়েছেন।

এদিকে, গাজীপুরে মাদ্রাসা অধ্যক্ষ আবুল হোসেন আল-আমিনকে গুমের অভিযোগে সাবেক কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!