ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রধানমন্ত্রীর জন্মদিনে আখাউড়ায় বিএনপির নানা কর্মসূচি পালন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ২০ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জন্মদিনে আখাউড়ায় বিএনপির নানা কর্মসূচি পালন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। ছবি : ডেইলি বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল, ফ্রি মেডিকেল ক্যাম্প,আলোচনা সভা, দোয়া মাহফিল, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফর্তভাবে অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবার সুবিধার্থে তিনটি আইপিএস ও একটি ইসিজি মেশিন প্রদান, হযরত শাহপীর কল্লা শহীদ (রহ.)-এর মাজারে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সেইসাথে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের রাজনৈতিক জীবন, সাংগঠনিক কর্মকান্ড এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেইসাথে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন, রহমান ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর মুফতি নূরুল ইসলামসহ আখাউড়া উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!