ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেড়ায় দিনভর আ’লীগের মিছিল, বিএনপির সঙ্গে সংঘর্ষ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ২০ নভেম্বর ২০২৬
বেড়ায় দিনভর আ’লীগের মিছিল, বিএনপির সঙ্গে সংঘর্ষ
ছবি- ডেইলি বাংলাদেশ

পাবনার বেড়ায় শুক্রবার দিনভর বিভিন্ন মহল্লায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষ দূর থেকে পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এর আগে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বেড়া মডেল থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। থানার ফটকের সামনে ভাঙচুরের চেষ্টার অভিযোগও ওঠে। মিছিলের একটি ভিডিও 'পাবনা জেলা ছাত্রলীগ' নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

 

খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে রাত ৮টার দিকে বেড়া পৌর বিএনপির নেতাকর্মীরা এর প্রতিবাদে মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

এর কিছুক্ষণ পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে ভাঙচুর চালানো হয়। বাড়ির ভেতরে থাকা বিভিন্ন মালামাল এবং বাড়ির পাশে রাখা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে বাড়ির পাশে থাকা খড়ের গাদার কিছু অংশ পুড়ে যায়।

 

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। এসব মিছিলকে ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। একপর্যায়ে তারা দূর থেকে পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

 

স্থানীয় কয়েকজন জানান, ৫ আগস্টের পর এলাকা ছেড়ে যাওয়া আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আবার এলাকায় ফিরেছেন। তারা বিভিন্ন মহল্লায় সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। নিজেদের অবস্থান ধরে রাখতে এবং প্রতিরোধ গড়ে তুলতে তারা মিছিল-সমাবেশ করছেন বলে স্থানীয়দের ধারণা।

 

এদিকে শুক্রবার ফেসবুক লাইভে এসে এক বেড়া পৌর এলাকার এক বিএনপি নেতা তার বাড়িতে লুটপাটের অভিযোগ করেন। এজন্য তিনি আ’লীগ কর্মীদের দায়ি করেন। লাইভে তাকে কান্নাজড়িত কণ্ঠে বাড়িঘরের সম্পদ হারানোর কথা বলতে দেখা যায়। তিনি নিজেকে অসহায় ক্ষতিগ্রস্থ বলেও দাবি করেন।

 

বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন বলেন, 'ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।'

 

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, বৃহস্পতিবার রাতে থানা ঘেরাওয়ের কোনো ঘটনা ঘটেনি। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে দুর্বৃত্তরা খড়ের গাদায় আগুন দিয়েছে। শুক্রবার বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ দূর থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!