ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ২০ নভেম্বর ২০২৬
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা শুরু
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা দিছেন। ছবি: ডেইলি বাংলাদেশ

শিশুদের মেধা বিকাশ, পড়ালেখায় আগ্রহ সৃষ্টি এবং সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কিন্ডারগার্টেনের ক্ষুদে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।কিন্ডারগার্টেন ইউনিটি অব আখাউড়ার আয়োজনে শুক্রবার বাংলাদেশ  রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। দুই ব্যাপি চলা শনিবার এ পরীক্ষার শেষ হবে।

আয়োজক সূত্রে জানা যায়, পৌর শহরসহ উপজেলার ১৫ টি কিন্ডারগার্টেনের  ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির প্রায় ৪'শ ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশ নেয়।  ১ম থেকে ২য় শ্রেণির ছাত্র ছাত্রীদের বাংলা, অংক, সাধারণ জ্ঞান, ইংরেজি বিষয়ে মোট ৩০০ নম্বর এবং ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ৬ টি বিষয়ে ৪০০ নম্বরের পরীক্ষা হচ্ছে।

আয়োজকদের মতে, এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা শুধু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মাধ্যম নয়; বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস, অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়।

এদিকে পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা। জীবনের শুরর দিকে এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ছিল ছোট ছোট শিক্ষার্থীরাও।

সরেজমিনে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ে অভিভাবকদের হাত ধরে পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করে শিক্ষার্থীরা। কারও হাতে পরীক্ষার প্রবেশপত্র, কারও চোখে নতুন অভিজ্ঞতার কৌতূহল। পরীক্ষার হলে প্রবেশের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে দেখা যায় অনেককে। আবার বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকদের চোখেমুখে ছিল সন্তানদের ভালো ফলাফলের প্রত্যাশা।

অভিভাবকরা জানান, শিশুদের ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নতুন পরিবেশে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা অর্জন করছে। আমাদের সন্তানকে মেধা যাচাই পরীক্ষায় অংশ নিতে পাড়ায় আসলেই ভালো লাগছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আসাদুজ্জামান খোকন, আস সাদিক ভূইয়া গালিব, আহসান কবির লিটন, কাজী ওবায়দুল হক প্রমুখ।

দিগন্ত কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক আহসান কবির লিটন বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজন সৃজনশীল চর্চা, সুস্থ প্রতিযোগিতা এবং উৎসাহমূলক পরিবেশ। মেধা বৃত্তি পরীক্ষার মতো আয়োজন শিশুদের সেই সুযোগ তৈরি করে দিতে পারে। সেই লক্ষে আমরা প্রতি বছর এ আয়োজন করছি।

কিন্ডারগার্টেন ইউনিটি অব আখাউড়ার পরীক্ষা নিয়ন্ত্রক ও অংকুর কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠা পরিচালক শফিকুল আলম তুরান বলেন, প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পরীক্ষা ভীতি দূর হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। মেধার বিকাশ ঘটে। সর্বোপরি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে মেধা বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!