২০ বছর জেল খাটার পর খুনের দায় থেকে মুক্তি পেলেন জাহিদ
২০ বছর কনডেম সেলে থাকার পর স্ত্রী-কন্যা সন্তানকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের শেখ জাহিদ হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সারওয়ার আহমেদ।
রায়ে বলা হয়, স্ত্রী ও কন্যা হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণে শেখ জাহিদকে খালাস দেয়া হলো।
.png)
মামলার বিবরণ থেকে জানা যায়, শেখ জাহিদের বিরুদ্ধে ২৩ বছর আগে, ১৯৯৭ সালে বাগেরহাটে নিজ বাড়িতে জাহিদ শেখের স্ত্রী রহিমা ও তার মেয়ে রেশমা খাতুন খুন হন। পরে রহিমার বাবা মো. ময়েন উদ্দিন শেখ বাগেরহাটের ফকিরহাট থানায় বাদি হয়ে একটি মামলা করেন। ওই মামলায় আসামি হিসেবে জাহিদ শেখকে গ্রেফতার করা হয়। পরে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া শেষে আসামির ফাঁসির আদেশ দেয়া হয়।
এরপর ২০০৪ সালে নিম্ন আদালতের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের শুনানির জন্য তা (ডেথ রেফারেন্স) হাইকোর্টে আসে। শুনানি শেষে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এদিকে ২০০৭ সালে মামলাটি আপিল বিভাগে আসে।
দীর্ঘদিন ঝুলে থাকা মামলাটি সম্প্রতি প্রধান বিচারপতি নজরে আসে। এরপর মামলাটির শুনানি শুরু হয় এবং শুনানিতে মামলার বিভিন্ন অসঙ্গতি প্রকাশ পায়। যার পরিপ্রেক্ষিতে জাহিদ শেখকে খালাস দেয়ার নির্দেশ দিয়ে রায় প্রদান করেন আপিল বিভাগ।