ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাজাখস্তানে সহিংসতায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২০
কাজাখস্তানে সহিংসতায় নিহত ৮
ছবি: সংগৃহীত

কাজাখস্তানের মাসাঞ্চি শহরে এক জনসমাবেশে সহিংসতায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।

শনিবার দেশটির প্রেসিডেন্ট কাসেম জোরমাত তোকায়েভ জানান, মাসাঞ্চিতে প্রায় ৩০০ লোক সহিংসতায় জড়িয়ে পড়েন। এ সময় গুলি ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া প্রায় ৩০টি বাড়ি ও ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। তবে কী নিয়ে এ সহিংসতার ঘটনা ঘটেছে তা তিনি বলেননি।

বিবিসি’র তথ্যানুযায়ী, শুক্রবার দেশটির জামবিল প্রদেশের কিরগিজস্তান সীমান্তবর্তী মাসাঞ্চি শহরে উস্কানিমূলক গুজবে উপজাতি গোষ্ঠীর প্রায় ৭০ জন এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষের শুরু হয়। পরে আশপাশের গ্রামগুলো থেকে আরো ৩০০ জন এতে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে গুলিতে দুজন পুলিশ কর্মকর্তা আহত হন।

Advertisement

প্রেসিডেন্ট কাসেম জোরমাত তোকায়েভ জানান, এ মুহূর্তে পুলিশ ও ন্যাশনাল গার্ড পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া সহিংসতায় জড়িত অন্তত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি ওই এলাকায় শান্তি বজায় রাখার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া পুরো ঘটনা নিয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের পাশাপাশি জাতিগত ঘৃণা ছড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯ শতকে চীন থেকে বেশ কয়েকটি নৃগোষ্ঠী কাজাখস্তান ও কিরগিজস্তান সীমান্তে এসে বসতি শুরু করে। সংখ্যালঘু দানগান গোষ্ঠী এদের মধ্যে অন্যতম। তারা প্রায়ই সেখানে স্থানীয় ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর সঙ্গে রক্তক্ষয়ী বিবাদে জড়িয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!