ইন্ডিয়া’ জোটের সমাবেশে যাচ্ছে না সিজেপি
দিল্লিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। যুব আন্দোলনে সমর্থন দেওয়ায় মমতাকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ভোট চুরির অভিযোগে ‘ইন্ডিয়া’ জোটের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করলেও রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে তার দল।
শনিবার (৩১ অক্টোবর) মমতার সঙ্গে সাক্ষাতের পর অভিজিৎ দীপকে বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে তাদের প্রথম আন্দোলনের সময় মমতা পাশে দাঁড়িয়েছিলেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাতেই তিনি সাক্ষাৎ করেছেন।
দীপকের দাবি, ওই আন্দোলনে মমতা জোরালো সমর্থন জানিয়েছিলেন। এমনকি দিল্লি পুলিশ সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তার করার পরও তাদের পাশে ছিলেন তৃণমূল নেত্রী।
রোববারের ‘ইন্ডিয়া’ জোটের সমাবেশে সিজেপির অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে দীপকে জানান, ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে আন্দোলনের প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে দলটি আনুষ্ঠানিকভাবে সমাবেশে অংশ নেবে না।
তিনি বলেন, ককরোচ জনতা পার্টি একটি স্বাধীন ও নিরপেক্ষ সংগঠন। নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতেই সমাবেশে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভোট চুরির বিরুদ্ধে যে কোনো সংগঠন আন্দোলন করলে তাদের পাশে থাকবে সিজেপি।
এদিকে বৈঠকে সিজেপির প্রতিষ্ঠাতা ও তরুণ আন্দোলনকারীদের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মমতা জানান, রোববারের কর্মসূচির প্রতি সিজেপির পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে তারাও ওই সংগঠনের পাশে রয়েছেন।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে