ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে আজ ভোট, কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০, ২৭ অক্টোবর ২০২৬
ইসরায়েলে আজ ভোট, কঠিন পরীক্ষায় নেতানিয়াহু
ছবি: রয়টার্স

ইসরায়েলে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ভোট।

নির্বাচনী জরিপে তাঁর নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে বিরোধী দলগুলোর পক্ষেও সরকার গঠনের মতো আসন পাওয়া নিশ্চিত নয়।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের সদস্য নির্বাচনে ভোট দেবেন দেশটির নাগরিকরা। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দলগুলোর প্রাপ্ত ভোট অনুযায়ী আসন বণ্টন করা হবে। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ আসনের সমর্থন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধ, আঞ্চলিক নিরাপত্তা ও ইসরায়েলের সামরিক অভিযান দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। এসব ঘটনার প্রভাব পড়েছে নির্বাচনী প্রচারেও।

দীর্ঘদিন ধরে ইসরায়েলের রাজনীতিতে প্রভাবশালী নেতানিয়াহু নব্বইয়ের দশকে প্রথমবার প্রধানমন্ত্রী হন। এরপর ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন তিনি। সমর্থকদের কাছে ‘কিং বিবি’ নামে পরিচিত এই নেতা নিরাপত্তা ও অভিজ্ঞ নেতৃত্বের বিষয়টি সামনে রেখে নির্বাচনী প্রচার চালিয়েছেন।

তবে গাজা যুদ্ধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা এবং নিজ দেশে চলমান দুর্নীতির মামলার কারণে রাজনৈতিক চাপে রয়েছেন নেতানিয়াহু। তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

নির্বাচনে নেতানিয়াহুর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তিনি মধ্যপন্থি দল ‘ইয়াশার’-এর নেতৃত্ব দিচ্ছেন। সামরিক অভিজ্ঞতা, নিরাপত্তা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি তাঁর প্রচারের গুরুত্বপূর্ণ বিষয়।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ ‘টুগেদার’ রাজনৈতিক জোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছেন। রাজনৈতিক বিভাজন কমিয়ে স্থিতিশীল সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

নেতানিয়াহুর সমালোচকদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যানও। তাঁর দল ‘ইসরায়েল আওয়ার হোম’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ছাড়া সাবেক সেনা কর্মকর্তা ইয়ার গোলানের নেতৃত্বাধীন ‘দ্য ডেমোক্র্যাটস’ বাম ও মধ্য-বামপন্থি ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছে।

নেতানিয়াহুর রাজনৈতিক শিবিরে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন কট্টর ডানপন্থি নেতা বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভির। ফিলিস্তিননীতি, অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং গাজা নিয়ে তাঁদের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয়েছে।

সরকার গঠনের সমীকরণে অতি-রক্ষণশীল ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থনও গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাম ও জয়েন্ট লিস্টের নির্বাচনী ফল জোট গঠনের হিসাবকে প্রভাবিত করতে পারে।

সাম্প্রতিক জরিপগুলোতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। তবে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

ফলে নির্বাচনে কোন দল কতটি আসন পেল, তার পাশাপাশি দলগুলোর জোট গঠনের সক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সরকার গঠন নিয়ে দীর্ঘ আলোচনা কিংবা রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!