ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের বাংলাদেশ এক্সপো
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো’। আগামী ৩ ও ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদর্শনীটি উদ্বোধন করার কথা রয়েছে। বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ আয়োজন করছে।
সৌরপ্রযুক্তির প্রসার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, আগামী ৩ ও ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোলার এক্সপো অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ ও ইডকল যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রদর্শনীতে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন, বাসাবাড়ি ও শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, সৌরচালিত সেচব্যবস্থা, বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তি এবং উদ্ভাবনী অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ আয়োজনের মাধ্যমে সরকারি সংস্থা, দেশি-বিদেশি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়নের উদ্দেশ্যে এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে এ খাতে কাজ করা বিভিন্ন কোম্পানি ও উদ্যোক্তার মধ্যে যোগাযোগ বাড়বে।
আয়োজকদের প্রত্যাশা, এক্সপোতে আটটি বিশেষায়িত অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়নের মাধ্যমে সৌরপ্রযুক্তি, ইনভার্টার, ব্যাটারি ও সোলার মডিউল প্রদর্শন করবে।
এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্লাটিনাম, গোল্ড ও সিলভার—এই তিন শ্রেণিতে স্পন্সরশিপের সুযোগ রাখা হয়েছে।