ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন সেনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১১, ২৮ সেপ্টেম্বর ২০২৬
হরমুজে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন সেনা
সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

এনবিসি নিউজ রোববার (২৭ সেপ্টেম্বর) তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ১৪ সেপ্টেম্বর একটি সামুদ্রিক জলযানে অবস্থানকালে ওই হামলার ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত আট মেরিন তখন ‘ব্যাটালিয়ন ল্যান্ডিং টিম’-এর অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Advertisement

হামলার পর সৃষ্ট ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের মধ্যে মাথাব্যথাসহ মস্তিষ্কে আঘাতজনিত বিভিন্ন উপসর্গ দেখা দেয়। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তাদের সম্ভাব্য ‘ট্রমাটিক ব্রেইন ইনজুরি’ (টিবিআই) বা মস্তিষ্কে আঘাতের সমস্যা হয়েছে।

আহতদের মধ্যে সাতজন এনলিস্টেড মেরিন এবং একজন কর্মকর্তা ছিলেন। যে জলযানে হামলা হয়, সেটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ছিল না। তবে কর্মকর্তারা এর ধরন সম্পর্কে বিস্তারিত জানাননি।

এদিকে হামলার প্রায় ১০ দিন পর ওই আট মেরিনের নাম মার্কিন প্রতিরক্ষা বিভাগের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিসিএএস) ডেটাবেসে যুক্ত করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, কিছু আঘাতের উপসর্গ দেরিতে প্রকাশ পাওয়ায় হতাহতের তথ্য ডেটাবেসে যুক্ত হতে সময় লাগতে পারে।

পেন্টাগনের ডেটাবেসের হিসাবে, গত বুধবার পর্যন্ত ইরানের সঙ্গে সংঘাতে আহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা ৮৬১ জনে দাঁড়িয়েছে। ওই সপ্তাহে তালিকায় নতুন করে ২৯ জন নৌসেনা ও আটজন মেরিনের নাম যুক্ত করা হয়।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা নিয়ে এর আগে পেন্টাগনের তথ্য হালনাগাদ নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে কনকাশন বা মস্তিষ্কে আঘাতের মতো কিছু ক্ষেত্রে উপসর্গ দেরিতে প্রকাশ পাওয়ায় আহতের তথ্য পরে যুক্ত হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!