বেঙ্গালুরুতে ৮ দিন আটকে ছিল বাংলাদেশির লাশ
ভারতের বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক বাংলাদেশি নাগরিকের লাশ আট দিন আটকে রাখার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির স্ত্রী তানজিলা ইসলাম আশার দাবি, চিকিৎসার বকেয়া বিল পরিশোধ না করায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তরে রাজি হয়নি। পরে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
.png)
প্রতিবেদন অনুযায়ী, নওগাঁর বাসিন্দা মোহাম্মদ আবদুল হাকিম সবুজ (৩২) বাংলাদেশে চুক্তিভিত্তিক সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কিডনির চিকিৎসার জন্য গত ৫ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরু যান তিনি। পরদিন পুরনো বিমানবন্দর সড়কের মণিপাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
তানজিলা ইসলাম আশার ভাষ্য, হাসপাতালে ভর্তি হওয়ার পর সবুজের শ্বাসকষ্ট ও বুকে ব্যথা বেড়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসার বিভিন্ন পর্যায়ে হাসপাতালের দাবিমতো তিনি মোট ৭ লাখ ৫০ হাজার রুপি পরিশোধ করেন।
তিনি জানান, ১৪ সেপ্টেম্বর সবুজের ডান পায়ে সংক্রমণ দেখা দিলে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে পা কেটে ফেলেন। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং ১৮ সেপ্টেম্বর দুপুরে তিনি মারা যান।
আশার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর লাশ দেশে নেওয়ার প্রস্তুতি নিলে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা বাবদ ৩৫ লাখ ৭৯ হাজার রুপি বকেয়া দাবি করে। এই অর্থ পরিশোধ না করলে লাশ হস্তান্তর করা হবে না বলেও জানানো হয়। একই সঙ্গে তার পাসপোর্ট আটকে রাখার অভিযোগও করেন তিনি।
তার আরও দাবি, এর আগে পরিশোধ করা ৭ লাখ ৫০ হাজার রুপির কোনো রসিদ তাকে দেওয়া হয়নি। চিকিৎসার সম্ভাব্য মোট ব্যয় সম্পর্কেও আগে থেকে তাকে স্পষ্টভাবে জানানো হয়নি।
পরিস্থিতিতে তিনি বাংলাদেশ হাইকমিশনের সহায়তা চান। পরে ২৬ সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ সবুজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
সবুজের সঙ্গে থাকা তার বন্ধু মোহাম্মদ মোক্তাদির হোসেন জানান, লাশ ছাড়িয়ে নিতে আগের ৭ লাখ ৫০ হাজার রুপির বাইরে অতিরিক্ত কোনো অর্থ দিতে হয়নি। স্থানীয় কয়েকজনের সহায়তায় আশার পাসপোর্টও ফেরত পাওয়া যায়।
এদিকে মণিপাল হাসপাতালের এক কর্মকর্তা লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
পরে এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুরুতর শ্বাসকষ্ট নিয়ে সবুজকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শরীরে অক্সিজেনের মাত্রা কম ছিল এবং আইসিইউতে নেওয়ার পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। চিকিৎসকেরা তাকে দুইবার পুনরুজ্জীবিত করার পর কৃত্রিম হৃদ্ফুসফুস সহায়তা ও শ্বাসযন্ত্রের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যান।
হাসপাতালের দাবি, পরীক্ষায় সবুজের ফুসফুসে রক্ত জমাট এবং রক্তনালিতে বাধা ধরা পড়ে। এরপর ৯ সেপ্টেম্বর অস্ত্রোপচার করে জমাট রক্ত অপসারণ করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ১৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
সবুজের লাশ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বকেয়া বিলের পরিমাণ, অর্থ পরিশোধের রসিদ এবং পাসপোর্ট আটকে রাখার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যা এখনো প্রকাশ্যে আসেনি। এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও কোনো বিস্তারিত লিখিত বক্তব্য পাওয়া যায়নি।