পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে সম্ভবত রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২০ সেপ্টেম্বর) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
.png)
ফক্স নিউজকে সাবেক ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল এবং হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা থিও ওল্ড এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এখানে কোরিওগ্রাফি মোটামুটি নাটকীয় মুহূর্তের জন্য তৈরি হতে যাচ্ছে।’
এছাড়া ফক্স নিউজ আরও জানিয়েছে, প্রেসিডেন্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে তিনি এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে আছেন। শিগগিরই এ বিষয়ে বড় ধরনের অগ্রগতি বা পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
ইরানের বিষয়ে ট্রাম্প কয়েকটি সম্ভাব্য পথের কথা বলেছেন। এর মধ্যে রয়েছে আরও সামরিক পদক্ষেপ, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা এবং আলোচনায় বসা। এ সময় তিনি আশা প্রকাশ করেন, ইরান ‘আচরণ ঠিক রাখবে’।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বর্তমানে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।
সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, পেজেশকিয়ান সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। সেখানে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরবেন তিনি। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত নিয়ে দেশটির অবস্থান তুলে ধরার কথা রয়েছে।
এছাড়া অধিবেশনের ফাঁকে পেজেশকিয়ান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।