ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবিতে মৃত্যু ৬, নিখোঁজ ১২৯

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবিতে মৃত্যু ৬, নিখোঁজ ১২৯
‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ জাহাজটি ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা তল্লাশি অভিযানে কাজ করছেন। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার জাভা সাগরে যাত্রীবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ১২৯ জনের সন্ধানে অভিযান চালাচ্ছেন ৬ শতাধিক উদ্ধারকর্মী। সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত এ ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারগো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটিতে ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। রবিবার ভোরে খারাপ আবহাওয়ার মধ্যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ১০৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

Advertisement

বানজারমাসিন উদ্ধার সংস্থার প্রধান ই পুতু সুদায়ানা জানান, নিখোঁজদের সন্ধানে ভোর থেকেই অভিযান চলছে। এতে ৬২২ জন উদ্ধারকর্মী ও প্রায় ১২টি নৌযান মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছয়জনই রয়েছে।

উদ্ধার সংস্থার প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, উত্তাল সমুদ্রের পানিতে লাল-কালো রঙের বড় জাহাজটি কাত হয়ে ডুবে আছে। জাহাজটির লাল রঙের নিচের অংশ পানির ওপরে দেখা যাচ্ছে। এর আশপাশে ছোট দুটি নৌকায় কয়েকজনকে অবস্থান করতে দেখা যায়।

জাতীয় উদ্ধার সংস্থার কর্মকর্তা এডি প্রাকোসো জানান, শক্তিশালী ঢেউ জাহাজটির ডান পাশে আঘাত করলে সেটি একদিকে হেলে পড়ে। পরে একটি হেলিকপ্টার সেটিকে উল্টে যেতে দেখে। জাহাজটি কেন দুর্ঘটনার শিকার হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসএস
লিংক সফলভাবে কপি হয়েছে!