ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে হামলা বন্ধ না হলে পাকিস্তানে বৈঠক নয়: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ১০ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা বন্ধ না হলে পাকিস্তানে বৈঠক নয়: তেহরান
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে কোনো শান্তি আলোচনায় অংশ নেবে না ইরান এমন তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ।

সংস্থাটি জানায়, ইরানের কোনো আলোচক দল এখনো ইসলামাবাদে পৌঁছায়নি এবং সেখানে আলোচনায় অংশ নেওয়ারও কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে কিছু মার্কিন গণমাধ্যমে ইরানি প্রতিনিধি দলের পাকিস্তানে পৌঁছানোর যে খবর প্রকাশিত হয়েছে, তা নাকচ করেছে ফার্স নিউজ।

ফার্স নিউজের দাবি, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে আলোচনায় না বসার বিষয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে তেহরান।

Advertisement

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। তবে ইরান এ তথ্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যেকোনো আলোচনা নির্ভর করবে যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কি না তার ওপর।

এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বুধবার থেকে তীব্র হওয়া হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং ১,১৫০ জন আহত হয়েছেন।

গত ২ মার্চ থেকে চলমান হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৮৮ জনে এবং আহত হয়েছেন ৬,০৯২ জন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!