ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৪, ২২ মে ২০২৪
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব, বহু হতাহত
ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়ার ছোট শহর গ্রিনফিল্ডে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টর্নেডো। হাসপাতালসহ প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, টর্নেডোর ফলে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে তারা কোনো সংখ্যা দেয়নি। এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

আইওয়া স্টেট পেট্রোলের অ্যালেক্স ডিংকলা বলেছেন, ‘আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, একাধিক মানুষের মৃত্যু হয়েছে। আমরা উদ্ধার ও ত্রাণে ব্যস্ত। কেউ নিখোঁজ কি না, সেটাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে। গ্রিনফিল্ড হাইস্কুলে ত্রাণকেন্দ্র খোলা হয়েছে।’

মঙ্গলবার (২১ মে) এই টর্নেডোর আঘাতে দুই হাজার বাসিন্দার এই শহর তছনছ হয়ে গেছে। শহরে বুধবারের আগে বাইরের মানুষ ঢুকতে পারবেন না বলে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে। সাংবাদিকদেরও মঙ্গলবারের মধ্যে শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

Advertisement

গ্রিনফিল্ডে টর্নেডোর তাণ্ডবে বাড়ি ভেঙে পড়েছে, আসবাবপত্র ছড়িয়ে আছে, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টর্নেডোর ফলে অনেক বাড়ি ভেঙে পড়েছে। গাছ উপড়ে গেছে। গাড়ি ভেঙে গেছে। চারপাশে ভাঙা টুকরো ছড়িয়ে আছে। আবাসিকরা একে অন্যকে সাহায্য করছেন।

বার্তাসংস্থা এপিকে শহরের বাসিন্দা প্যাক্সটন বলেছেন, তিনি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তবে তার বাড়ি ভেঙে গেছে। কিন্তু সবাই এত ভাগ্যবান নন। তার ভাই কোডির বাড়ি ভেঙে গেছে। চারপাশে শুধু ধ্বংসের ছবি দেখা যাচ্ছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!