ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অসুস্থ হয়ে পড়েছেন অং সান সু চি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৩
অসুস্থ হয়ে পড়েছেন অং সান সু চি
ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে পড়েছেন সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। এমনকি গৃহবন্দি অবস্থায় অসুস্থবোধ করলে তাকে বাইরের চিকিৎসক দেখাতে চাইলে সে আবেদন প্রত্যাখ্যান করে সামরিক জান্তা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে এক সূত্রের বরাতে বলা হয়েছে, মিয়ানমারে আটক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি অসুস্থবোধ করলে বাইরের একজন চিকিৎসকের কাছে তাকে দেখানোর অনুরোধ প্রত্যাখ্যান করে দেশটির সামরিক শাসকগোষ্ঠী। এছাড়া সু চির প্রতি অনুগত মিয়ানমারের ছায়া সরকারও এই তথ্য জানিয়েছে।

Advertisement

রয়টার্স আরো জানায়, বাইরের চিকিৎসকের পরিবর্তে ৭৮ বছর বয়সী নোবেল বিজয়ী এই নেত্রীর চিকিৎসা কারাগার বিভাগের ডাক্তার দিয়ে করা হচ্ছে।

সু চির অসুস্থতা সম্পর্কে সূত্রটি জানায়, অং সান সু চির মাড়ি ফুলে গেছে এবং তিনি ভালোভাবে খেতে পারছেন না। এছাড়া বমিও হচ্ছে এবং এর সঙ্গে মাথা ঘোরা ও সামান্য পরিসরে অজ্ঞান বা নিস্তেজ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন।

তবে গ্রেফতারের ভয়ে পরিচয় প্রকাশ করতে অস্বীকার জানিয়েছে সূত্রটি। এছাড়া মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি তিনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর থেকে বন্দি রয়েছেন সু চি। গত জুলাই মাসের শেষের দিকে রাজধানী নেইপিদোর কারাগার থেকে মুক্ত করে তার বাড়িতে গৃহবন্দি করে রাখা হয় তাকে।

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ১৯টি ফৌজদারি অপরাধে ২৭ বছরের সাজা হয় সু চির। উসকানি ও নির্বাচনী জালিয়াতি থেকে শুরু করে দুর্নীতি পর্যন্ত বহু অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও এসব অভিযোগ সু চি অস্বীকার করেছেন এবং সেগুলোর বিরুদ্ধে আপিল করছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!