ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীর টাকায় পড়াশোনা-চাকরি, অন্য নারী পেয়ে তাকেই তাড়িয়ে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:০৭, ১১ জুলাই ২০২৩
স্ত্রীর টাকায় পড়াশোনা-চাকরি, অন্য নারী পেয়ে তাকেই তাড়িয়ে দিলেন স্বামী
ছবি: সংগৃহীত

স্বামীর পড়াশোনা ও সরকারি চাকরির জন্য খরচ জোগাতে সবকিছু করেছেন স্ত্রী। দ্বিধা করেননি অন্যের বাড়িতে বাসন মাজতেও। কিন্তু চাকরি পাওয়ার পর সেই স্ত্রীকেই অস্বীকার করলেন স্বামী, ঘটালেন বিচ্ছেদও। সরকারি কর্মকর্তা হওয়ার পর অন্য সঙ্গী বেছে নিয়েছেন তিনি।

চাঞ্চল্যকর এ ঘটনা ভারতের মধ্যপ্রদেশের। ঐ সরকারি কর্মকর্তার নাম কামরু হাথিল। তার স্ত্রীর নাম মমতা। মধ্যপ্রদেশের বাসিন্দা কামরু এবং মমতা ভালবেসে বিয়ে করেছিলেন ২০১৫ সালে। সেই সময় কামরু ছিলেন বেকার। স্নাতক হলেও চাকরি জোটেনি। কামরুকে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন মমতাই। কথা দিয়েছিলেন, যাবতীয় খরচ তিনি জোগাবেন।

সরকারি চাকরির পরীক্ষার খরচ নেহাতই কম নয়। মমতা সেই খরচ চালানোর জন্য গৃহপরিচারিকার কাজ করতেও দ্বিধা করেননি। তিনি বাড়ি বাড়ি বাসন মাজা, ঘর মোছার কাজ করেছেন। কামরু যেন প্রয়োজনীয় বই হাতে পেতে পারেন, সেজন্য বাড়তি সময়ে বইয়ের দোকানেও কাজ করেছেন তিনি।

Advertisement

২০১৯-২০ সালে কমার্শিয়াল ট্যাক্স কর্মকর্তার পরীক্ষায় সফল হয়েছেন কামরু। সরকারি চাকরি নিয়ে মধ্যপ্রদেশের রতলামে যোগদানও করেছেন। তারপরই মমতা সম্পর্ক ভাঙার আঁচ পান। চাকরিতে যোগদানের পর পরই মমতাকে বাবার বাড়ি চলে যেতে বাধ্য করেন কামরু। অন্য এক নারীর সঙ্গে থাকতে শুরু করেন নিজের বাড়িতে। মমতাকে জানিয়ে দেন, তার সঙ্গে আর থাকতে চান না।

২০২১ সালে এই ঘটনার পর মমতা মামলা করেছিলেন কামরুর বিরুদ্ধে। কামরু সেই সময় আদালতকে বলেন, মমতা তার স্ত্রী। তাকে মাসে ১২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

সম্প্রতি মমতা অভিযোগ করেছেন, কামরু তার প্রতিশ্রুতি পালন করেননি। এ কারণে স্বামীর বিরুদ্ধে আবারো মামলা করেছেন তিনি।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!