ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৭, ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৮
ছবি: সংগৃহীত

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৬ জন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে ৩৩৯টি ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগছু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বের একটি পাহাড়ি এলাকায়। অঞ্চলটির রাজধানী লাসা থেকে উৎপত্তিস্থলটি প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানায়, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা জোরদার করা হয়েছে। এ কাজে সহায়তার জন্য তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আতঙ্কিত মানুষকে বিভিন্ন রেস্তোরাঁ থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসতে দেখা গেছে। সুপারমার্কেটের তাক থেকে পণ্য নিচে পড়ে যাওয়ার দৃশ্যও দেখা যায়।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের তিংরি কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, একই দিন ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে চীনে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেডআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!