ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ক্যামেরার সামনে নির্ভুলভাবেই সংবাদ পাঠ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ১৮ জুন ২০২৩
দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ক্যামেরার সামনে নির্ভুলভাবেই সংবাদ পাঠ
রশিদ আল রাবাবা - ফাইল ছবি

শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে কিছু কিছু মানুষ পৌঁছে যান সফলতার উচ্চশিখরে। উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন অন্য সবার জন্য। জর্ডানের দৃষ্টিহীন রশিদ আল রাবাবা সেরকমই একজন। দৃষ্টিশক্তি না থাকলেও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন তিনি।

রাবাবা নিজ দক্ষতায় এখন দেশটির জনপ্রিয় উপস্থাপক। নিজের প্রতি আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছায় তিনি জয় করেছেন অন্ধত্বকে। মাধ্যমিকে পড়ার সময় রশিদ কাজ করেছেন স্কুল রেডিওতে। তখন থেকেই তার স্বপ্ন ছিল টেলিভিশনে কাজ করার। সময়ের সঙ্গে আগ্রহ বাড়তে থাকে গণমাধ্যমের কাজের প্রতি। উচ্চ মাধ্যমিক শেষে মিডিয়া স্টাডিজ বিষয়ে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে।

কিন্তু অনেকের কাছেই বিষয়টা স্বাভাবিক ছিল না। একজন দৃষ্টিপ্রতিবন্ধী মিডিয়ায় কীভাবে কাজ করবে, এমন প্রশ্নও করতেন অনেকে। তবে নিজের স্বপ্ন পূরণে অটল ছিলেন রশিদ। শেষ পর্যন্ত কাজের সুযোগ পান রয়া টিভিতে

Advertisement

আরো পড়ুন>> ৩ সন্তানকে লাইনে দাঁড় করিয়ে গুলি করেন বাবা!

রশিদ বলেন, রয়া টিভি চ্যানেলকে ধন্যবাদ একজন প্রতিবন্ধীকে সুযোগ দেওয়ার জন্য। প্রথম যেদিন আমার সংবাদ প্রচারিত হলো, আমি খুব নার্ভাস ছিলাম। কারণ, হাজারো দর্শক আপনাকে দেখছে। ভুল শোধরানোর সুযোগ এখানে নেই বললেই চলে। নির্ভুল উপস্থাপনার মাধ্যমেই কেবল আপনি নিজেকে তুলে ধরতে পারেন।

নিয়োগের পরে সামনে আসে কিছু চ্যালেঞ্জ। কারণ, দৃষ্টিহীনদের পড়ার পদ্ধতি ব্রেইল সিস্টেমে স্ক্রিপ্ট পড়া সময়সাপেক্ষ। সাধারণ উপস্থাপকের তুলনায় দ্বিগুণ সময় লাগতো সংবাদ কপি আয়ত্ত্ব করতে। কিন্তু নিজ প্রচেষ্টায় দ্রুতই সে সমস্যা কাটিয়ে উঠেন তিনি।

রয়া চ্যানেলের নিউজ ডিরেক্টর সাদ হাত্তার বলেন, কাজে যথেষ্ট দক্ষ তিনি। বেশ পরিশ্রমীও। নিজেকে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন। কণ্ঠস্বর শুনে ব্যক্তিকে শনাক্তের ক্ষমতাও প্রখর রশিদের। নিজের দক্ষতা দিয়ে সামনে আরো এগিয়ে যেতে চান রশিদ রাবাবা। যাতে দৃষ্টিহীনদের কাছে তিনি হতে পারেন অনুকরণীয় দৃষ্টান্ত।

সূত্র: রয়টার্স, টেলার রিপোর্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!