ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুহায় ৫০০ দিন কাটিয়ে বেরিয়ে এলেন স্প্যানিশ অ্যাথলেট ফ্লামিনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৫১, ১৫ এপ্রিল ২০২৩
গুহায় ৫০০ দিন কাটিয়ে বেরিয়ে এলেন স্প্যানিশ অ্যাথলেট ফ্লামিনি
ছবি: সংগৃহীত

কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ কিংবা সংস্পর্শ ছাড়াই ৫০০ দিন কাটিয়ে দেওয়ার পর একটি গুহা থেকে বেরিয়ে এসেছেন স্প্যানের এক অ্যাথলেট। এইঘটনা বিশ্ব রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্পেনের নাগরিক বিয়াট্রিজ ফ্লামিনি যখন গ্রানাডার গুহায় প্রবেশ করেন, তখন ইউক্রেনে আক্রমণ চালায়নি রাশিয়া এবং সেই সময় বিশ্ব করোনাভাইরাস মহামারিতে ধুঁকছিল।

গবেষণা কাজের অংশ হিসেবে তিনি ঐ গুহায় প্রবেশ করেছিলেন, যা বিজ্ঞানীরা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। গুহা থেকে বেরিয়ে আসার পর তিনি বলেছেন, আমি এখনও ২০২১ সালের ২১ নভেম্বরে আটকে আছি। আমি বিশ্বের কিছুই জানি না।

Advertisement

বর্তমানে ৫০ বছর বয়সী ফ্লামিনি যখন গুহায় প্রবেশ করেন, তখন তার বয়স ছিল ৪৮ বছর। ৭০ মিটার (২৩০ ফুট) গভীর গুহায় ব্যয়াম, আঁকাআঁকি আর উলের টুপি বুনিয়ে সময় কাটিয়েছেন তিনি। তার সহায়তায় নিয়োজিত দলের তথ্য অনুযায়ী, এই সময়ে তিনি ৬০টি বই পড়া শেষ করেছেন এবং এক হাজার লিটার পানি পান করেছেন।

তাকে একদল মনোবিজ্ঞানী, গবেষক, স্পিলিওলজিস্ট ও গুহা অধ্যয়নবিষয়ক বিশেষজ্ঞ পর্যবেক্ষণ করেছিলেন। তবে বিশেষজ্ঞদের কেউই তার সঙ্গে যোগাযোগ করেননি।

স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টিভিইর ভিডিওতে দেখা যায়, হাসতে হাসতে গুহা থেকে বেরিয়ে আসছেন ফ্লামিনি। গুহা থেকে বেরিয়ে তার দলের সদস্যদের আলিঙ্গন করেন।

এর পরপরই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার এই অভিজ্ঞতাকে ‘চমৎকার, অপরাজেয়’ হিসাবে বর্ণনা করেন।

সে সময় সাংবাদিকরা আরো বিস্তারিত জানার জন্য চাপ প্রয়োগ করলে ফ্লামিনি বলেন, আমি দেড় বছর ধরে কারো সঙ্গে কথা বলিনি। নিজের সঙ্গে নিজে কথা বলেছি।

তিনি বলেন, আমি ভারসাম্য হারিয়ে ফেলেছি। তাই আমাকে আটকে রাখা হচ্ছে। আমি দেড় বছর ধরে পানি স্পর্শ করিনি। আমাকে গোসল করতে দেন। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে দেখা করব। 

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্প্যানিশ এই নারী বলেন, গুহায় প্রবেশের প্রায় দুই মাস পর তিনি সময়ের হিসেব হারিয়ে ফেলেছিলেন।

তিনি বলেন, সেখানে এমন একটি মুহূর্ত ছিল যখন আমি দিন গণনা বন্ধ করে দিয়েছিলাম। ১৬০ থেকে ১৭০ দিনের মতো তিনি গুহায় ছিলেন বলে এখন তার মনে হচ্ছে।

গুহায় সবচেয়ে কঠিন এক মুহূর্ত তৈরি হয়েছিল। সেই সময় গুহার ভেতরে মাছির আক্রমণ ঘটেছিল। মাছিতে পুরো শরীর ঢেকে যায়। সূত্র: বিবিসি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: স্প্যানিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!