ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের তুতিকোরিন জেলার একটি সরকারি স্কুলে।
জানা যায়, অভিযুক্ত দম্পতির সাত বছরের সন্তান ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। যে শিক্ষককে তারা মারছিলেন, তার নাম আর ভরত।
.png)
পুলিশ জানিয়েছে, শিশু শিক্ষার্থীকে কেন মারা হয়েছে, এই প্রশ্ন তুলে স্কুলে হাজির হন ওই শিক্ষার্থীর বাবা-মা। তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে শিক্ষককে ক্লাস থেকে টেনে বার করার চেষ্টা করেন শিক্ষার্থীর বাবা-মা। শিক্ষক কোনো রকমে হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করেন। তার পিছু পিছু গোটা স্কুল চত্বর ধাওয়া করেন সেলভা ও তার স্বামী শিবলিঙ্গম।
আরো পড়ুন>> বৈশ্বিক মন্দার আতঙ্কে বাড়ছে স্বর্ণে বিনিয়োগ
ছোট ছোট শিক্ষার্থীদের সামনে শিক্ষককে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন ওই দম্পতি। তাকে ইট দিয়েও আঘাত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনা যখন ঘটছিল, আতঙ্কে কান্না শুরু করেছিল অন্যান্য শিক্ষার্থীরা।
শিক্ষককে মার খেতে দেখে তারই এক সহকর্মী ছুটে আসেন। কিন্তু শিক্ষককে দম্পতির হামলা থেকে বাঁচাতে না পারায় সাহায্যের জন্য চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আক্রান্ত শিক্ষককে উদ্ধার করেন।
পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করেছে। তুতিকোরিনের পুলিশ সুপার এল বালাজি শরবনন বলেন, ওই দম্পতির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: এনডিটিভি