ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেলস্টেশনে যাত্রীকে পেটালেন পরিচ্ছন্নকর্মী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২৫ জানুয়ারি ২০২৩
রেলস্টেশনে যাত্রীকে পেটালেন পরিচ্ছন্নকর্মী
ছবি: ডেইলি বাংলাদেশ

পদ্মা এক্সপ্রেস ট্রেনের প্রথম শ্রেণির বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ক্ষুব্ধ হয়ে ওই বগির যাত্রীরা প্রতিবাদ করেন গার্ডসহ অন্যান্যদের। এতে বাগবিতণ্ডার হয় ওই বগিতে থাকা এক ক্লিনারের সঙ্গে। পরে ট্রেনটি স্টেশনে থামলে শিমুল ইসলাম (৩৫) নামে এক যাত্রীকে মারধর করেন রেলওয়ের পরিচ্ছন্নকর্মী লাল মিয়া।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি থানার এসআই সাহাদৎ হোসেন।

তিনি জানান, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শিমুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি কিছুটা আহত ছিলেন। তাকে (শিমুলকে) উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

Advertisement

তিনি আরো জানান, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের লবি থেকে ছিনতাইকারীরা কুমকুম নামে এক যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। রাজশাহীর সারদাহ রোড স্টেশনে ঘটনা ঘটে। ছিনতাইয়ের পরে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর ওই ট্রেনের দায়িত্বে থাকা গার্ড মনির হোসেন এবং অ্যাটেনডেন্ট তরিকুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন যাত্রীরা। এ সময় এক ক্লিনারকে ধরে চর-থাপ্পড় মারার অভিযোগও পাওয়া যায়। এ ঘটনার পর ট্রেনটি রাজশাহী স্টেশনে থামলে পরিচ্ছন্নতাকর্মী লাল মিয়াসহ কয়েকজন মিলে শিমুল ইসলামকে মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে আহত শিমুল অভিযোগ করে বলেন, ট্রেনে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত ক্লিনার, গার্ড এবং অ্যাটেনডেন্টরা। তা না হলে এতো লোক হুট করে প্রথম শ্রেণির বগিতে ওঠার কথা নয়। এর প্রতিবাদ করায় গার্ড মনিরসহ কয়েকজন ক্লিনার আমাকে ধরে পিটিয়েছে। আমি এর বিচার চাই।

এসআই সাহাদৎ হোসেন বলেন, এটা একটা ভুল বোঝাবোঝি। আমাদের কেউ লিখিত অভিযোগ করেননি। তবে দুই যাত্রীই লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবদুর করিম বলেন, রাজশাহীর সারদাহ রোড স্টেশনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে আসলে সকাল সাড়ে ৭টার দিকে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। আমরা সিসিটিভি ফুটেজ দেখছি। জিআরপি থানায় কথা বলেছি। বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!