ব্রেকে ত্রুটি, প্রায় ১০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে মার্সিডিজ
ব্রেকে ত্রুটি ধরা পড়ায় বিশ্বব্যাপী ৯ লাখ ৯৩ হাজার গাড়ি আবার ক্রেতাদের কাছ থেকে ফিরিয়ে নিচ্ছে জার্মানির বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সিডিজ।
প্রতিষ্ঠানটির একটি বিবৃতিতে বলা হয়েছে, ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ১০ লক্ষ গাড়ির ব্রেকের সমস্যা রয়েছে বলে অভিযোগ এসেছে। মার্সিডিজ বেঞ্জের এসইউভি সিরিজের এমএল, জিএল এবং আর-ক্লাস লাক্সারি মিনিভ্যানে এ ধরনের সমস্যার কথা উঠে এসেছে।
ব্রেক বুস্টারের ক্ষয়ের ফলে অনেক সময় ব্রেক প্যাডেল এবং ব্রেকিং সিস্টেমের মধ্যে সংযোগ বিঘ্নিত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে লাখ লাখ গাড়ি মার্সিডিজ সংস্থা আবার ফিরিয়ে নিচ্ছে।
জানা যাচ্ছে, মার্সিডিজ বেঞ্জ যে ১০ লক্ষ গাড়ি ফিরিয়ে নিচ্ছে, তার মধ্যে প্রায় ৭০ হাজার গাড়ি শুধু জার্মানিরই। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে জার্মানি গাড়ি প্রস্তুতকারী সংস্থা। তারা আরও জানিয়েছে, ক্রেতাদের সুরক্ষার কথা ভেবে এই গাড়িগুলি ফিরিয়ে নেয়া হচ্ছে। কী কারণে এই সমস্যা তৈরি হল, তাও খতিয়ে দেখা হবে।
আরো পড়ুন>> পাকিস্তানে ভয়াবহ দাবানল, নিহত ৪
এরইমধ্যে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে মার্সিডিজ। সংশ্লিষ্ট মডেলের গাড়িগুলি যারা যারা কিনেছেন, তারা কোনও সমস্যার মুখোমুখি হয়েছেন কি না, সেটাও দেখা হচ্ছে।
মার্সিডিজের পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যাহার প্রক্রিয়ায় সম্ভাব্য ক্ষতিগ্রস্ত গাড়িগুলি পরীক্ষায় কী ফল আসে, সে দিকে তাকিয়ে আছে সংস্থা। তার পর প্রয়োজনীয় যন্ত্রাংশ যোগ করা হবে। এই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মার্সিডিজের সংশ্লিষ্ট মডেলগুলি যেন না চালান ক্রেতারা।
সূত্র: দ্য গার্ডিয়ান