উদ্বোধনের আগেই কঁচা নদীর সেতু পার হলো বরযাত্রীর গাড়ি
পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মাণাধীন ৯৯৮ মিটার দীর্ঘ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দিয়ে উদ্বোধনের আগেই একটি বরযাত্রীর গাড়িবহর পার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে একটি বাস ও দুটি ব্যক্তিগত গাড়ি ওই সেতু দিয়ে পার হয়।
ছড়িয়ে পড়া ভিডিও ২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাড়িগুলো কঁচা নদীর কাউখালীর বেকুটিয়া প্রান্ত থেকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্তে পৌঁছায়। সেখানে ব্যারিকেডের কাছে গাড়িগুলো থামার পর ২-৩ জন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন। পরে কয়েকজন যুবক ব্যারিকেড সরিয়ে দিলে গাড়িগুলো পার হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী মাসের শেষ দিকে সেতুর নির্মাণকাজ শেষ করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের। এরপরে সেতুটি সরকারের কাছে হস্তান্তর করা হবে। উদ্বোধনের আগে সেতু ব্যবহারের বিষয়টি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন সেতুর প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন।
আর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সেতু ব্যবহারের কোনো সুযোগ নেই জানিয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন বলেন, এ বিষয়ে সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া আছে বলে জানান তিনি। কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।