২৬ বারের মতো এভারেস্টচূড়ায় আরোহন করে রেকর্ড গড়লেন নেপালি শেরপা
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্ঘ এভারেস্টের চূড়ায় সবচেয়ে বেশিবার আরোহনের নতুন রেকর্ড গড়েছেন নেপালের পর্বতারোহী কামি রিতা শেরপা।
শনিবার (৭ মে) ২৬ তম বারের মত এই পর্বতের চূড়ায় উঠেছেন ৫২ বছর বয়সী কামি রিতা ও তার নেতৃত্বাধীন ১০ জন শেরপা পর্বতারোহী।
এটি কোনো একক ব্যক্তির এভারেস্টের চুড়ায় সবচেয়ে বেশিবার আরোহনের রেকর্ড। আগের রেকর্ডটিও অবশ্য কামি রিতারই ছিল। গত বছর ২৫তম বার আরোহন করে এই রেকর্ড করেছিলেন তিনি।
নেপাল সরকারের পর্যটন বিভাগ রোববার কামি রিতা শেরপার নতুন রেকর্ডের তথ্যটি নিশ্চিত করেছে। পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘কামি রিতা তার নিজের অতীত রেকর্ড ভেঙে পর্বতারোহনের নতুন বিশ্ব রেকর্ড করেছেন।’
কামি রিতার স্ত্রী জাংমু বলেন, তিনি তার স্বামীর অর্জনে আনন্দিত।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আরোহনের ক্ষেত্রে এভারেস্টের দক্ষিনপূর্বদিকের সরু পার্বত্য পথ ব্যবহার করেছেন কামি রিতা ও তার সঙ্গী ১০ শেরপা। এভারেস্টে আরোহনকারীরা সাধারণত এই পথটিই ব্যবহার করেন।
আরো পড়ুন>> হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান
প্রথম এই পথটি ব্যবহার হয়েছিল ১৯৫৩ সালে। ওই বছর নিউজিল্যান্ডের নাগরিক স্যার অ্যাডমন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নরগে এই সরু পার্বত্য পথ ধরেই এভারেস্ট জয় করেছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯ হাজার ৩১ ফুট উঁচু এই পর্বতের শীর্ষদেশে সেবারই প্রথম পড়েছিল মানুষের পদচিহ্ন।
হিমালয়ান ডেটাবেজের তথ্য অনুসারে, ১৯৫৩ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজার ৬৫৭ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন মানুষ। অনেকেই বেশ কয়েকবার করে এভারেস্ট জয় করেছেন। আর এ পর্যন্ত এভারেস্টের চূড়ায় আরোহণ করতে গিয়ে মারা গেছেন ৩১১ জন।
‘হিমালয়ের কন্যা’ নামে পরিচিত দেশ নেপালের বিদেশি মুদ্রা অর্জনের একটি বড় মাধ্যম এই মাউন্ট এভারেস্ট। গত বছর ৪০৮ জন বিদেশি পর্বতারোহীকে এভারেস্টে আরোহনের অনুমতি দিয়েছিল নেপালের সরকার। চলতি বছর এখন পর্যন্ত ৩১৬ জনকে অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স