ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

আইপিএলের দ্রুততম বল করলেন সেই উমরান, ভাঙলেন নিজের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:৪৫, ৬ মে ২০২২
আইপিএলের দ্রুততম বল করলেন সেই উমরান, ভাঙলেন নিজের রেকর্ড
উমরান মালিক -ছবি: সংগৃহীত

এবারের আইপিএলে একের পর এক চমক দেখাচ্ছেন কাশ্মীরি পেসার উমরান মালিক। তার গতির আগুনে ঝলসে যাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটাররা। একের পর এক দ্রুততম বল করে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন এ পেসার। বরাবরের মতো বৃহস্পতিবারও দিল্লির বিপক্ষে এবারের আইপিএলের সবচেয়ে দ্রুততম বল করেছেন সানরাইজার্স হায়দরাবাদের কাশ্মীরি পেসার উমরান মালিক।

শুধু তাই নয়, দ্রুততম এ বলের মাধ্যমে নিজেই নিজের রেকর্ড ভেঙে দিলেন উমরান। ঘণ্টায় ১৫৭ কিলোমিটার বেগে বল করলেন তিনি। সব মিলিয়ে প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বল করলেন। পিছনে ফেললেন অনরিখ নোখিয়াকেও।

কিছুদিন আগেই উমরান মালিক জানিয়েছিলেন, ১৫৫ কিলোমিটার বা এর বেশি গতিতে বল করার ক্ষমতা রাখেন তিনি। বৃহস্পতিবার এর প্রমাণও দিলেন কাশ্মীরি এ পেসার।

আইপিএলে দ্রুততম বলের নজির রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার শন টেটের। ২০১১ সালে রাজস্থানের হয়ে দিল্লির বিপক্ষে ঘণ্টায় ১৫৭ দশমিক ৭১ কিলোমিটার গতিতে সেই বল করেছিলেন তিনি। এদিন দিল্লির বিপক্ষেই নজির গড়লেন উমরান।

দিল্লির ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছিলেন উমরান। প্রথম বলটাই করেন ১৫৩ কিলোমিটার গতিবেগে। চতুর্থ বলটি ছিল ১৫৭ কিলোমিটার গতিবেগের। পঞ্চম বলে ১৫৬ কিলোমিটার গতিবেগ ছিল তার। এর আগেই একটি ওভারে ১৫৪ কিলোমিটার গতিবেগে বল করেছিলেন উমরান। শেষ ওভারের আগ পর্যন্ত সেটাই ছিল এ আইপিএলের সবচেয়ে দ্রুততম বল।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!