ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ডুবতে থাকা গাড়িতে দাঁড়িয়ে তুলছিলেন সেলফি, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪১, ২১ জানুয়ারি ২০২২
ডুবতে থাকা গাড়িতে দাঁড়িয়ে তুলছিলেন সেলফি, অতঃপর…
ছবি: সংগৃহীত

বরফশীতল পানিতে ডুবে যাচ্ছে গাড়ি। সেই অবস্থায় আর যাই হোক কারো অন্তত সেলফি তোলার কথা মনে হবে না। কিন্তু এই তরুণী সেটাই করেছেন। ডুবন্ত গাড়ি থেকে তাকে উদ্ধারের জন্য যখন তৎপরতা চলছিল, তখন তিনি সেই গাড়ির ছাদে দাঁড়িয়ে সেলফি তুলেছেন।

গত রোববার কানাডার রাজধানী অটোয়ার শহরতলী মানোটিকের রাইডু নদীতে এ ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বরফজমাট নদীর ওপরে গাড়ি চালাচ্ছিলেন ওই নারী। একপর্যায়ে বরফের সঙ্গে সংঘর্ষ হলে গাড়িটি ডোবার উপক্রম হয়। কিন্তু ওই সময় গাড়ি থেকে বের হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার বদলে হলদে রঙের ডুবন্ত গাড়িটির ছাদে উঠে পড়েন ওই নারী। গাড়িটি ডুবে যাওয়ার মুহূর্ত তিনি সেলফি তুলে ফ্রেমবন্দী করেন।

আরো পড়ুন>> প্রেমিককে চার তলা থেকে ফেলে হত্যা করলেন প্রেমিকা!

এদিকে এ ঘটনার ছবিও তোলেন অপর একজন। তিনি ছবিটি টুইটারে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়। পরে অনলাইনে ছড়িয়ে পড়া ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন কায়াক (ছোট নৌকা) পাঠিয়ে ওই নারীকে উদ্ধার করছেন। ভিডিওতে ডুবে যাওয়া গাড়িটির ছাদ আংশিক দেখা যাচ্ছিল। টুইটারে পোস্ট করা ছবিতে এক নারী লিখেছেন, যখন লোকজন ওই নারীকে সাহায্য করার জন্য তাড়াহুড়া করছিলেন, তখন তিনি তুলছিলেন সেলফি!

এদিকে স্থানীয় পুলিশ বলেছে, ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের অভিযোগে মোটরযান আইনে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!