অচেনা লোকের ভরসায় সর্বস্ব খোয়ালেন দুই নারী
মৃত আত্মীয়কে শেষ বিদায় জানাতে যাচ্ছিলেন সত্তরোর্ধ্ব জাহানারা বেগম ও হোছনে আরা বেগম। কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই প্রতারক চক্রের খপ্পরে পড়েন তারা। সহায়তা পেতে গিয়ে উল্টো হারান সর্বস্ব।
ঘটনাটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার। বুধবার দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা পাশ্ববর্তী রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বুধবার সকালে আত্মীয়ের মৃত্যুর খবরে হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জাহানারা ও হোছনে আরা। চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী কলেজ গেট এলাকায় পৌঁছালে অটোরিকশা থেকে নেমে পৌরসভার কাছারি সড়ক ধরে হাঁটা শুরু করেন তারা।
হাঁটার একপর্যায়ে তাদের সামনে এসে দাঁড়ান অচেনা এক ব্যক্তি। তিনি তাদের অপর একটি অটোরিকশায় উঠতে বলেন। ওঠার পর দুই নারীকে দেখে ‘হতদরিদ্র মনে হচ্ছে’ জানিয়ে তাদের ত্রাণ (এক বস্তা চাল, পাঁচ লিটার তেল ও একটি কম্বল) দেওয়া হবে বলে জানান ওই ব্যক্তি। তার কথায় ভরসা পেয়ে ওই অটোরিকশায় উপজেলা পরিষদ এলাকায় যান দুই নারী।
যাওয়ার পর কৌশলে তাদের সঙ্গে থাকা সোনা (দুই জোড়া কানের দুল), মোবাইল ফোন ও টাকা একজনের (হোছনে আরা বেগম) ব্যাগে রেখে ত্রাণের জন্য উপজেলা কমপাউন্ডে ঢুকতে বলেন ওই ব্যক্তি। এরপরই সুযোগ বুঝে হোছনে আরা বেগমের হাতে থাকা ব্যাগটি টেনেহিঁচড়ে নিয়ে তাকে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ওই সময় সর্বস্ব হারিয়ে হোছনে আরা কান্নাকাটি শুরু করলে ওই ব্যক্তিসহ চক্রের সদস্যরা অটোরিকশা নিয়ে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক হয়ে রাউজানের দিকে দ্রুত পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার এসআই আমির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।