ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বাবা-মাকে বিষ খাওয়ালো তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৩, ২০ সেপ্টেম্বর ২০২১
প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বাবা-মাকে বিষ খাওয়ালো তরুণী
ছবি: প্রতীকী

প্রেমিকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক মেনে নিতে রাজি নয় মেয়ের পরিবার। প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে আপত্তি জানায় তারা। আর সে জন্য পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করে ১৮ বছর বয়সী খুশবু। আর তার আগে মা-বাবাসহ পরিবারের সবাইকে বিষ খাওয়ায় সে।

সম্প্রতি ভারতের গুজরাট রাজ্যের সুরাটের দিনদোলিতে ঘটেছে এই ঘটনা। এ ঘটনায় শুক্রবার ওই মেয়েসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

খুশবুর বাবা দীপক ভাঞ্জারার করা মামলার পর তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার বাকি দু’জন হলেন-খুশবুর ‘স্বামী’ শচীন (২২) এবং তার বাবা অশোক মোর (৪৯)।

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানায়, মেয়ে ও ছেলের পরিবার দিনদোলিতে বসবাস করে। ফলে তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। যা এক পর্যায়ে প্রেমের দিকে গড়ায়।

এমনকি প্রায় দুই বছর আগে শচীনের সঙ্গে আরেকবার পালিয়ে গিয়েছিল খুশবু। তখন ওই যুবকের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল সে। কিন্তু তখন খুশবু প্রাপ্তবয়স্ক ছিল না। ফলে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল।

পুলিশ জানায়, খুশবু যখন ১৮ বছর পূর্ণ করে, তখন তার দুইদিন পর ফের পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এরপর ওষুধের দোকান থেকে কিছু ট্যাবলেট কিনে ময়দার সঙ্গে মিশিয়ে দেয়। পরে রাতে সেই খাবার নিজে না খেলেও মা-বাবা ও ভাইকে খাওয়ায়। কিছুক্ষণ পর বাড়ির সবাই অজ্ঞান হয়ে পড়লে খুশবু শচীনের সঙ্গে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

এরপর সকালে ঘুম থেকে উঠে অসুস্থবোধ করতে থাকেন খুশবুর মা-বাবা ও ভাই। এছাড়া তারা মেয়েকে নিখোঁজ দেখতে পান।

এরপর থানায় অভিযোগ জানান দীপক ভাঞ্জারা। পরবর্তীতে তাদের শরীর আরও খারাপ হলে তিনজনকেই হাসপাতালে নিয়ে যেতে হয়।

পুলিশ বলছে, খুশবু বিয়ের বিষয়ে পুলিশকে জানাতে থানায় এসেছিল। তাকে তার স্বামীর সঙ্গে যেতে দেওয়া হয়েছিল কারণ সে এখন প্রাপ্তবয়স্ক।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!