ক্রেতার সামনেই ঝটপট পিৎজা বানাচ্ছে রোবট
স্বয়ংক্রিয়ভাবে তৈরি হচ্ছে পিৎজা। যেন দক্ষ হাতের ছোঁয়া পেয়ে ওভেনে ফুলে ফেঁপে উঠছে পিৎজা। ওভেনে বেকিং শেষে নিখুঁতভাবে প্যাকিং হচ্ছে। আর সবশেষে তা তুলে দেওয়া হচ্ছে ক্রেতার হাতে। যিনি অভিজ্ঞ রাঁধুনীর হাতের ছোঁয়ার মতো সব কিছু করছেন তিনি কিন্তু কোনো মানুষ নন, রোবট।
সংবাদ সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফ্রান্সের প্যারিসের একটি রেস্তোরাঁয় পিৎজা বানানোর জন্য কাজে লাগানো হয়েছে এই রোবটকে। পিৎজা অর্ডার করার পর ক্রেতার সামনেই ঝটপট পিৎজা বানাচ্ছে রোবট। এই রোবট ঘণ্টায় ৮০টা পিৎজা বানাতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোবটটির নির্মাতা সেবাস্তিয়ান রোভারসো জানান, খুব দ্রুত প্রক্রিয়ায় পিৎজা তৈরি হয়। সময় নিয়ন্ত্রণের পাশাপাশি গুণমানও নিশ্চিত করে পিৎজা তৈরি করে রোবট।
এছাড়াও ক্রেতারা অর্ডার করে অপেক্ষা করার সময় রোবটের পিৎজা তৈরি করা দেখে দারুণ সময় কাটাতে পারেন বলেও জানান তিনি।
বিশ্বজুড়ে করোনার সংকটময় সময়ে রেস্টুরেন্ট মালিকরা মজুরি দিতে না পেরে কর্মী ছাঁটাইয়ে বাধ্য হচ্ছে। আর তাই শ্রমিক সংকট মোকাবেলায় এই রাঁধুনী রোবট রেস্টুরেন্ট মালিকদের আশার আলো দেখাবে বলে আশা করা হচ্ছে।