কোমায় কিম জং উন, ক্ষমতা নিচ্ছেন ছোট বোন! দাবি কূটনীতিকের
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় আছেন এবং দেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তার ছোট বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক এমন দাবি করেছেন বলে ফক্স নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জংয়ের অধীনে কর্মরত চ্যাং সং মিন তার দেশের গণমাধ্যমকর্মীদের এ কথা বলেছেন।
চেংয়ের দাবি, কিম জং উন কোমায় আছেন। তবে তার জীবনের অবসান ঘটেনি। তিনি বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার পদে সম্পূর্ণ উত্তরাধিকার কাঠামো গঠন করা হয়নি। দীর্ঘকাল ধরে তো আর শূন্যতা বজায় রাখা যায় না। সে কারণে কিম জং উনের বোন কিম ইয়ো জংকে সামনে নিয়ে আসা হচ্ছে।
গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার গণমাধ্যমে কিমের কিছু ছবি প্রকাশের পরও চ্যাং সং মিন এমন দাবি করছেন। এসব ছবিতে কিমকে সরকারি বৈঠকে অংশ নিতে দেখা গেছে। যদিও রয়টার্স বলছে, এসব ছবি যাচাই করা সম্ভব হয়নি।
ইয়ুনহাপ নিউজ অ্যাজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা জানতে পেরেছেন, নিজের কিছু ক্ষমতা ছোট বোনের হাতে ছেড়ে দিচ্ছেন কিম জং উন। বিষয়টি প্রকাশের কয়েক দিনের মাথায় কিমের কোমায় যাওয়ার দাবি উঠল।
চলতি সপ্তাহের শুরুতেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয় যে, কিম জং উন তার বোনকে দেশটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব দিয়েছেন। ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রধান নীতি নির্ধারক হিসেবে কাজ করবেন তিনি।
উল্লেখ্য, কিমের সুস্থতার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। বিশেষ করে, চলতি বছর কিমকে জনসম্মুখে খুব একটা দেখা না যাওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। কিছুদিন আগেই গুজব ছড়িয়েছিল যে কিম মারা গেছে। যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এসব গুঞ্জন প্রত্যাখ্যান করা হয়েছে।
সূত্র: ফক্স নিউজ