ভারত-মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের ৩ জওয়ান নিহত, আহত ৫
ভারত-মিয়ানমার সীমান্তের মণিপুরে অতর্কিত হামলার ঘটনায় আসাম রাইফেলসের তিন জওয়ান নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো পাঁচ জওয়ান।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় এই হামলার ঘটনাটি ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতীয় সীমান্তরক্ষীদের ধারণা, এই হামলার ঘটনার নেপথ্যে রয়েছে পিপলস লিবারেশনস আর্মি (পিএলএ)। তবে হামলার বিষয়ে এখনো আসাম রাইফেলসের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
সূত্রের বরাত দিয়ে কলকাতাভিত্তিক বাংলা সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে জওয়ানরা হামলার মুখে পড়ে। পিএলএ-র সদস্যরা প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায়। তারপর ছোট অস্ত্র থেকে গুলি চালায়। ওই ঘটনার খবর পেয়ে সেখানে অবস্থান নিয়েছে আধাসামরিক বাহিনীর বিপুল সদস্য।
এর আগে, ২০১৫ সালে চান্ডেলে হামলায় ১৮ জন সেনা নিহত হয়েছিলেন। এনএসসিএন (কে) ও ইউএনএলএফ নামে দু’টি জঙ্গি গোষ্ঠী ওই আক্রমণের দায় স্বীকার করে। এরপরে ভারতীয় বিমানবাহিনীর হামলায় তাদের দুটি শিবির গুঁড়িয়ে দেয়া হয়।