ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

৮০০ কেজির দানব আকৃতির মাছ ২০ লাখ টাকায় বিক্রি!

আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিত: ১৭:২৯, ২৮ জুলাই ২০২০
৮০০ কেজির দানব আকৃতির মাছ ২০ লাখ টাকায় বিক্রি!
ধরা পড়া দানব আকৃতির চিলশঙ্কর মাছ। ছবি: সংগৃহীত।

৮০০ কেজির উড়োজাহাজ আকৃতি মাছ। দানব আকৃতির মাছটি দেখে হতবাক জেলে থেকে শুরু করে বাজারের মাছের পাইকাররা। এতো বড় মাছ সাধারণত চোখেই পড়ে না। তাই মাছটি দেখতে বাজারে ভিড় করেন উৎসুক জনতা। পরে উড়োজাহাজ আকৃতির মাছটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। এ মাছকে চিলশঙ্কর হিসেবে ডাকা হয়।

সম্প্রতি ভারতের উড়িষ্যার উদয়পুর থেকে আট কিলোমিটার দূরের একটি নদী থেকে দানব আকৃতির চিলশঙ্করটি ধরা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, উড়োজাহাজের মতো দানব আকৃতির মাছ বাজারে আসার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মাছটিকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করেন।

সংবাদ মাধ্যম আরো জানায়, বাজারে চিলশঙ্কর মাছের প্রতি কেজি দুই হাজার ১০০ টাকায় বিক্রি হয়। সেই হিসাবে মাছের দাম হয় ২০ লাখ টাকা।

চিলশঙ্কর মাছের বিচরণ। ছবি: সংগৃহীত।

জেলেরা জানান, মাছটি জালে উঠার পর কঠোর পরিশ্রম করেন তারা। মাছটি এতোই বিশাল যে, সে নিজেই নাড়াচাড়া করতে পারছিল না। এ মাছ শিকার করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে জেলেরা।

জেলেদের বিশ্বাস, লকডাউনের মধ্যে মাছটি জেলেদের জন্য লটারি হিসেবে এসেছে। এ মাছের অনেক গুণ। মাছটির হাড় থেকে ওষুধ তৈরি হয়। আর বাকি অংশ খাবার হিসেবে গ্রহণ করা হয়।

জেলেদের জালে ধরা পড়া একটি চিলশঙ্কর। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের প্রধান নির্দেশক পিনাকী রঞ্জন কর জানান, ধরা পড়া চিলশঙ্কর মাছের ওজন প্রায় ৮০০ কেজি৷ উড়িষ্যার উদয়পুর থেকে ৮ কিলোমিটার দূর থেকে মাছটি শিকার করে জেলেরা।

তিনি আরো জানান, মাছটি ধরার পর আকার দেখে চমকে উঠে জেলেরা। এটাকে শঙ্কর বলা হয়। মাছটির আকৃতি হাতি, উড়োজাহাজের মতো। শিকার হওয়া চিলশঙ্করটি লম্বায় আট ফুট ও চওড়ায় পাঁচ ফুট।

পিনাকী রঞ্জন কর জানান, এর আগেও এ প্রজাতির মাছ অনেকবার ধরা পড়ে। তবে এবারের চিলশঙ্করটি সবচেয়ে বড়।

সূত্র- নিউজ ১৮

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!